বিশেষ প্রতিনিধি, Hafizur Rahman।।
সুদানের মধ্যাঞ্চলীয় শহর এল-ওবেইদে ভয়াবহ ড্রোন হামলায় অন্তত ২৩ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও অন্তত ১৯ জন। বুধবার রাতভর চালানো এ হামলার ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বৃহস্পতিবার প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনের তথ্য অনুযায়ী, হামলাগুলো শহরের আবাসিক এলাকা, একটি জানাজার সমাবেশ, খাদ্যপণ্যবাহী ট্রাক এবং সেনাবাহিনীর অবস্থানের কাছাকাছি এলাকায় আঘাত হানে।
স্থানীয় মানবাধিকার সংগঠন ‘ইমার্জেন্সি লইয়ার্স’ জানিয়েছে, হামলায় ২৩ জন নিহত এবং ১৯ জন আহত হয়েছেন। তবে এল-ওবেইদ হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত অন্তত ১৫ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে এবং আহত হয়েছেন ১০ জনের বেশি।
ইমার্জেন্সি লইয়ার্স এই হামলার জন্য আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-কে দায়ী করেছে। যদিও আরএসএফ তাৎক্ষণিকভাবে এ অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য করেনি। ফলে স্বাধীনভাবে হামলার দায় নিশ্চিত করা সম্ভব হয়নি।
এর আগে, এক সপ্তাহেরও কম সময় আগে সুদানের আবু জাইমা শহরের প্রধান বাজারে আরেকটি ড্রোন হামলায় অন্তত ১১ জন নিহত এবং কয়েক ডজন মানুষ আহত হন। সেই হামলার দায়ও এখন পর্যন্ত কোনো পক্ষ স্বীকার করেনি।
২০২৩ সালের এপ্রিল থেকে সুদানে সেনাবাহিনী ও আরএসএফের মধ্যে সংঘাত শুরু হওয়ার পর থেকে ড্রোন হামলার ব্যবহার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত দেশজুড়ে ড্রোন হামলায় অন্তত ৮৮০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
ক্রমবর্ধমান সহিংসতা ও ড্রোন হামলার কারণে সুদানের মানবিক পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে বলে উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো।
হাফিজ/ আয়না নিউজ