বিশেষ প্রতিনিধি, Hafizur Rahman।।
ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্তকে সঠিক নয় বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার (১১ জুন) রাত সাড়ে ১০টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
এর আগে একই ঘটনায় স্বাস্থ্য অধিদপ্তর হাসপাতালটির লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নেয় এবং এ বিষয়ে হাসপাতালের নির্বাহী পরিচালক ও স্বত্বাধিকারী শেখ মহিউদ্দীনকে চিঠির মাধ্যমে জানানো হয়।
ফেসবুক পোস্টে ডা. শফিকুর রহমান লেখেন, সম্প্রতি আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় গভীর দুঃখ ও সমবেদনা প্রকাশ করা হলেও পুরো প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করা যথাযথ সিদ্ধান্ত হয়নি।
তিনি বলেন, তদন্তের মাধ্যমে যদি অবহেলা, ত্রুটি বা অপরাধ প্রমাণিত হয়, তবে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত ছিল। কিন্তু একটি হাসপাতালের লাইসেন্স বাতিল করে সেটি বন্ধ করে দেওয়া জনগণের জন্য ক্ষতিকর হবে বলেও তিনি মন্তব্য করেন।
তিনি আরও উল্লেখ করেন, হাসপাতালটি একটি মেডিকেল কলেজ হওয়ায় সেখানে প্রায় ৪০০–৫০০ শিক্ষার্থী পড়াশোনা করছে এবং নার্সিং কোর্সও চালু রয়েছে। হঠাৎ করে প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে গেলে শিক্ষার্থীদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে।
ডা. শফিকুর রহমান তার পোস্টে বলেন, শিক্ষার্থী ও সাধারণ মানুষের স্বার্থ বিবেচনায় সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করা উচিত। কারও দোষ প্রমাণিত হলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক, তবে লাইসেন্স বাতিল করে হাসপাতাল বন্ধ করা সমীচীন নয়।
উল্লেখ্য, গত ২৭ মে সকাল ৬টা থেকে ৯টার মধ্যে রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যু হয়। এ ঘটনার পর স্বাস্থ্য অধিদপ্তর একটি তদন্ত কমিটি গঠন করে এবং ‘মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ অধ্যাদেশ, ১৯৮২’ লঙ্ঘনের অভিযোগে কেন লাইসেন্স বাতিল করা হবে না তা জানতে হাসপাতাল কর্তৃপক্ষকে কারণ দর্শানোর নোটিশ দেয়।
পরবর্তীতে শোকজের জবাব সন্তোষজনক না হওয়ায় হাসপাতালটির লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়।
হাফিজ/ আয়না নিউজ