বিশেষ প্রতিনিধি, Hafizur Rahman।।
জাতীয় সংসদে ২০২৬–২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনের পরদিনও রাজধানীর সবজির বাজারে কোনো দৃশ্যমান প্রভাব পড়েনি। বাজারে অধিকাংশ সবজি আগের সপ্তাহের মতোই কেজিপ্রতি ৫০ থেকে ৮০ টাকার মধ্যেই বিক্রি হচ্ছে।
রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট, মালিবাগ, বাড্ডা, রামপুরাসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, দাম মোটামুটি স্থিতিশীল রয়েছে। তবে মৌসুম না হওয়ায় কিছু সবজির দাম তুলনামূলক বেশি।
টমেটো বর্তমানে সবচেয়ে দামের শীর্ষে রয়েছে, যা কেজিপ্রতি ১০০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে। শসা ১০০ টাকা, কাঁচা মরিচ ১২০ টাকা, গোল বেগুন ৮০ টাকা, লম্বা বেগুন ৭০ টাকা, করলা ৬০ টাকা, পটল ও ঝিঙা ৬০ টাকায় বিক্রি হচ্ছে।
এ ছাড়া বরবটি ৮০ টাকা, পেঁপে ৫০ টাকা, চিচিঙ্গা ও ধন্দুল ৬০ টাকা, লাউ প্রতি পিস ৭০ থেকে ৮০ টাকা, কাঁচা কলা হালি ৫০ টাকা, ঢেঁড়স ৬০ টাকা এবং মিষ্টি কুমড়া কেজিপ্রতি ৫০ টাকায় বিক্রি হচ্ছে।
ক্রেতারা জানিয়েছেন, বাজেট ঘোষণার পর বাজারে দাম কমার আশা থাকলেও বাস্তবে কোনো পরিবর্তন দেখা যায়নি। বেসরকারি চাকরিজীবী সাইদুর রহমান বলেন, “সবজির দাম আগের মতোই আছে, কোনো কমতি বা বাড়তি দেখা যায়নি।”
আরেক ক্রেতা সুলতান আহমেদ বলেন, “গত সপ্তাহের মতোই দাম চলছে, বাজেটের কোনো প্রভাব বাজারে পড়েনি।”
সবজি বিক্রেতারা জানান, চলতি মাসে কিছু সবজির দাম কিছুটা কমলেও মৌসুম না হওয়ায় কিছু পণ্যের দাম এখনও বেশি। বিক্রেতা ইয়াসিন আলি বলেন, “গত এক সপ্তাহ ধরে বাজার মোটামুটি স্থিতিশীল, বেশিরভাগ সবজি ৫০ থেকে ৮০ টাকার মধ্যেই বিক্রি হচ্ছে।
সব মিলিয়ে বাজেট-পরবর্তী দিনেও রাজধানীর সবজির বাজারে স্থিতিশীলতা বজায় রয়েছে, এবং দাম পূর্ববর্তী সপ্তাহের ধারাবাহিকতাই ধরে রেখেছে।
হাফিজ/ আয়না নিউজ