বিশেষ প্রতিনিধি, Hafizur Rahman।।
সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত অগ্রাধিকার কর্মসূচি বাস্তবায়নে সব মন্ত্রণালয় ও বিভাগ ১৮০ দিনের, ২০২৬-২৭ অর্থবছরের এবং আগামী ৫ বছরের জন্য পৃথক মেগা কর্মপরিকল্পনা প্রণয়ন করেছে বলে জানিয়েছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (১০ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনের চতুর্থ দিনে পাবনা-৫ আসনের সংসদ সদস্য মো. শামছুর রহমান শিমুল বিশ্বাসের এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
সংসদে দেওয়া লিখিত উত্তরে প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনী ইশতেহারের ভিত্তিতে ইতোমধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ কার্যক্রম অগ্রাধিকার দিয়ে বাস্তবায়ন করা হচ্ছে। এসব কর্মসূচি সমন্বিতভাবে বাস্তবায়নের জন্য স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড কর্মসূচি
সরকারের তথ্যমতে, “ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক”—এ দর্শনে নারীপ্রধান ও নিম্নআয়ের পরিবারকে সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হয়েছে। এ কার্ডের মাধ্যমে মাসিক আড়াই হাজার টাকা ভাতা দেওয়া হচ্ছে। এখন পর্যন্ত ৩৬টি ইউনিটের ৬০ হাজার ৪৪টি পরিবার এ সুবিধার আওতায় এসেছে।
অন্যদিকে কৃষকের ইউনিক পরিচয় নিশ্চিত ও ন্যায্যমূল্যে কৃষি উপকরণ প্রাপ্তি সহজ করতে ‘কৃষক কার্ড’ বিতরণ শুরু হয়েছে। ইতোমধ্যে ২০ হাজার ৭৪৮ জন কৃষক এ কার্ড পেয়েছেন। কৃষিঋণ মওকুফ ও সহায়তা বাবদ প্রায় ১ হাজার ৫৬৭ কোটি টাকার বরাদ্দের কথা জানানো হয়েছে।
আরও পড়ুন :
প্রশাসনিক কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়াতে প্রধানমন্ত্রীর নির্দেশ
ই-হেলথ কার্ড ও ধর্মীয় প্রতিষ্ঠানে সম্মানী ভাতা
১৮০ দিনের অগ্রাধিকার কর্মসূচির অংশ হিসেবে ধর্ম মন্ত্রণালয়ের অধীনে মসজিদ, মন্দির, বৌদ্ধ বিহার ও গির্জার কর্মীদের মাসিক সম্মানী ভাতা দেওয়া হচ্ছে। পাশাপাশি নাগরিকদের জন্য ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। শুরুতে খুলনা, নোয়াখালী, বগুড়া, সিরাজগঞ্জ ও নরসিংদী জেলায় এ সেবা চালু হবে।
কর্মসংস্থান, শিক্ষা ও অবকাঠামো
সরকার আগামী সময়ে ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের পরিকল্পনার কথা জানিয়েছে। শিক্ষা খাতে প্রাথমিক পর্যায়ে ২ লাখ শিক্ষার্থীকে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ এবং বিভিন্ন প্রতিষ্ঠানে ফ্রি ওয়াই-ফাই চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
এছাড়া হাই-টেক পার্ক, পেপ্যাল কার্যক্রম চালুর উদ্যোগ, খেলার মাঠ নির্মাণ এবং গ্রামীণ-শহর অবকাঠামো উন্নয়নের পরিকল্পনার কথাও জানানো হয়।
আরও পড়ুন :
জাতিসংঘ শান্তিরক্ষায় বাংলাদেশ দৃষ্টান্ত স্থাপন করেছে: প্রধানমন্ত্রী
পরিবেশ, বিদ্যুৎ ও ক্রীড়া উন্নয়ন
পরিবেশ রক্ষায় আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানির অংশ বাড়াতে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।
ক্রীড়া খাতে ১২-১৪ বছর বয়সীদের নিয়ে নতুন প্রতিভা অন্বেষণ কার্যক্রম চালু করা হয়েছে এবং ক্রীড়া ভাতা ও কার্ড বিতরণ কার্যক্রমও চলমান রয়েছে।
জাতীয় সংসদে এসব তথ্য উপস্থাপন করা হয় জাতীয় সংসদ-এর বাজেট অধিবেশনে।
হাফিজ/ আয়না নিউজ