বিশেষ প্রতিনিধি, Hafizur Rahman।।
ইসলামী ব্যাংকে চলমান অস্থিরতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ (এবিবি)। পাশাপাশি বিষয়টির দ্রুত সমাধান হলে পুরো ব্যাংক খাতের জন্য ইতিবাচক হবে বলেও মনে করছেন ব্যাংকাররা।
বুধবার (১০ জুন) বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান এবিবির চেয়ারম্যান ও সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাসরুর আরেফিন। নিয়মিত ব্যাংকার্স সভার আলোচ্যসূচির বাইরে ইসলামী ব্যাংকের পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা হয়।
মাসরুর আরেফিন বলেন, ইসলামী ব্যাংকের পরিস্থিতি শুধু একটি প্রতিষ্ঠানের সমস্যা নয়, এর প্রভাব পুরো ব্যাংক খাতে পড়ছে। এ কারণে ব্যাংকারদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। গভর্নরও বিষয়টিকে শুধু ব্যাংকিং খাতের সমস্যা হিসেবে নয়, রাজনৈতিক ইস্যু হিসেবেও দেখছেন। সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে সমঝোতার মাধ্যমে সমস্যার সমাধানের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
সভায় ব্যাংক খাতে সুশাসন নিশ্চিত করার বিষয়ে গভর্নরের কঠোর অবস্থানের কথাও তুলে ধরেন এবিবি চেয়ারম্যান। তিনি বলেন, ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের রাজনৈতিক চাপের কাছে নতি স্বীকার না করার আহ্বান জানিয়েছেন গভর্নর। একই সঙ্গে ক্রেডিট ইনফরমেশন ব্যুরোতে (সিআইবি) সঠিক তথ্য দেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে।
বৈঠকে ব্যাংক খাতে ঋণপ্রবাহ বাড়ানোর বিষয়েও আলোচনা হয়। মাসরুর আরেফিন জানান, সরকার ও বাংলাদেশ ব্যাংক যৌথভাবে ৬০ হাজার কোটি টাকার নতুন তহবিল গঠনের উদ্যোগ নিয়েছে। ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোক্তাদের (এসএমই) ঋণ সহায়তায় এই অর্থ ব্যবহার করা হবে। কেন্দ্রীয় ব্যাংকের পুনঃঅর্থায়ন কর্মসূচির আওতায় এ অর্থ বিতরণ করা হবে বলে জানান তিনি।
এ ছাড়া রপ্তানি ও আমদানিসংক্রান্ত তথ্য পাঠানোর ক্ষেত্রে ভুল ও বিলম্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয় বৈঠকে। বিশেষ করে আমদানিপণ্যের মূল্য ঘোষণায় বড় ধরনের অসঙ্গতি দেখা যাচ্ছে বলে উল্লেখ করেন ব্যাংকাররা। এতে জাতীয় হিসাব-নিকাশে জটিলতা তৈরি হচ্ছে বলেও মত দেন তাঁরা।
বাজার পরিস্থিতি অস্থিতিশীল থাকায় আন্তর্জাতিক প্ল্যাটফর্ম বা ইন্টারনেটের মাধ্যমে মূল্য যাচাই করে এলসি খোলা ও বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করা হয়েছে বৈঠকে। এর মাধ্যমে অতিরিক্ত মূল্য পরিশোধের কারণে দেশের আর্থিক ক্ষতি ঠেকানো সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বৈঠকে দেশের সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ও শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
হাফিজ/ আয়না নিউজ