বিশেষ প্রতিনিধি, Md Al Rajib।।
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা এলাকার বাসিন্দা রূপালি বেগম অস্ত্রোপচারের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি হন। অপারেশনের আগে নিরাপত্তার স্বার্থে তার গলায় থাকা প্রায় ৭৫ হাজার টাকা মূল্যের একটি স্বর্ণের চেইন খুলে রাখা হয়। রোগীর স্বজনদের অভিযোগ, চেইনটি রোগীর স্বামীকে বুঝিয়ে দেওয়ার কথা বলা হলেও সংশ্লিষ্ট সিনিয়র স্টাফ নার্স সেটি তার হাতে না দিয়ে নিজের পকেটে রেখে দেন। পরে অপারেশন শেষে চেইনটি ফেরত চাইলে সেটি আর খুঁজে পাওয়া যায়নি।
এ ঘটনায় রোগীর স্বজনরা হাসপাতাল কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেন ও পঞ্চগড় প্রেসক্লাবে অনুলিপি দেন। এ ঘটনার সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর প্রতিবাদে নার্সদের একটি অংশ ডিউটি বাদ দিয়ে পঞ্চগড় তেঁতুলিয়া মহাসড়কে মানববন্ধন কর্মসূচি পালন করেন। এতে প্রায় এক ঘণ্টা হাসপাতালের স্বাভাবিক চিকিৎসাসেবা ব্যাহত হওয়ার অভিযোগ উঠেছে।
হাসপাতালে চিকিৎসা নিতে আসা বাবুল ইসলামের রোগীর স্বজন বাবলা জানান, মানববন্ধনের কারণে প্রায় এক ঘণ্টা স্বাভাবিক সেবা কাজ ব্যাহত হয়। এতে চিকিৎসা নিতে এসে অনেকেই দুর্ভোগে পড়েন।
আবু হাসান নামে একজন বলেন, হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ সেবাপ্রতিষ্ঠানে দায়িত্ব পালনরত কর্মীদের কর্মস্থল ছেড়ে কর্মসূচিতে অংশ নেওয়া উচিত হয়নি। এতে সাধারণ রোগীদের ভোগান্তি বেড়েছে।
অভিযোগের বিষয়ে বক্তব্য নিতে অভিযুক্ত সিনিয়র স্টাফ নার্স আলিফ নুরার সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
অপারেশন থিয়েটারে অপারেশনের আগে একটি চেইন আমাদের এক সিনিয়র স্টাফ নার্সের কাছে জমা ছিল। পরবর্তীতে সে চেইনটি হারিয়ে ফেলে। বিষয়টি নিয়ে সাংবাদিকদের কাছে রিপোর্ট প্রকাশ না করার অনুরোধ করেছিলাম কিন্তু তারা তা রাখেননি বলে জানান বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন পঞ্চগড় জেলা শাখার সভাপতি আমেনা খাতুন।
মানববন্ধনের বিষয়ে আমার কাছ থেকে কোনো অনুমতি নেওয়া হয়নি। তবে অবগত করার জন্য একটি চিঠি দেওয়া হয়েছে। চেন হারানো বিষয়টি নিয়ে নার্সকে শোকজ করা হয়েছে বলে জানান পঞ্চগড়ের সিভিল সার্জন ডা. মিজানুর রহমান।
বদরুদ্দোজা/ আল রাজীব/ আয়না নিউজ