বিশেষ প্রতিনিধি, Surjoy Karmaker।।
আসন্ন ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে মেক্সিকোতে পৌঁছেছে ইরান জাতীয় ফুটবল দল। স্থানীয় সময় ভোর ৫টার কিছু পরে এই শহরে পৌঁছায়। শহরটি ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগোর বিপরীতে সীমান্তের ওপারে অবস্থিত। চলতি মাসের শেষের দিকে মার্কিন যুক্তরাষ্ট্রে গ্রুপ পর্বের তিনটি ম্যাচ খেলার আগে নিজেদের শেষ মুহূর্তের প্রস্তুতি ও অনুশীলনের জন্য দলটি মেক্সিকোতে অবস্থান করছে। যুদ্ধাবস্থার মাঝেই মেক্সিকোর তিজুয়ানায় এসে পৌঁছেছে ইরান ফুটবল দল।
যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান রাজনৈতিক উত্তেজনায় শেষ মুহূর্তে ফুটবলাররা মার্কিন ভিসা পেলেও, প্রধান প্রশাসনিক কর্মকর্তাদের ভিসা দেয়নি ওয়াশিংটন। ফলে অ্যারিজোনার মূল বেস ক্যাম্প বাতিল করে, মেক্সিকোর সীমান্ত শহর তিজুয়ানায় আস্তানা গেড়েছে ইরান।
ইরান ফুটবল দলকে আগে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় যাওয়ার কথা ছিল। কিন্তু ভিসা নিয়ে সমস্যা হতে পারে, এই চিন্তায় তারা শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদল করে মেক্সিকোতে ক্যাম্প নেওয়ার কথা বলে। পরে যুক্তরাষ্ট্র তাদের সব খেলোয়াড়কে ভিসা দেয়, তবে দলের কিছু গুরুত্বপূর্ণ স্টাফ (যেমন ম্যানেজমেন্ট ও প্রশাসনিক লোকজন) ভিসা পাননি।
‘জি’ গ্রুপে থাকা ইরান তাদের প্রথম দুটি ম্যাচ খেলবে লস অ্যাঞ্জেলেসে। ১৫ জুন নিউ জিল্যান্ডের বিপক্ষে এবং ২১ জুন বেলজিয়ামের মুখোমুখি হবে তারা। এরপর ২৬ জুন সিয়াটলে গ্রুপপর্বের শেষ ম্যাচে মিশরের বিপক্ষে মাঠে নামবে ইরান।
চলতি বছরের মার্চ মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে এই টুর্নামেন্টে অংশ না নেওয়ার জন্য নিরুৎসাহিত করেছিলেন। খেলোয়াড়দের ‘জীবন ও নিরাপত্তা’ নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি মন্তব্য করেছিলেন যে এই পরিস্থিতিতে ইরানের বিশ্বকাপে অংশ নেওয়া ‘উপযুক্ত’ বলে তিনি মনে করেন না।
তবে ট্রাম্পের এই মন্তব্যের পরদিনই ইরানের জাতীয় দলের পক্ষ থেকে কড়া প্রতিক্রিয়া জানানো হয়। তারা স্পষ্ট করে জানিয়ে দেয়, ইরানকে বিশ্বকাপ খেলা থেকে বাদ দেওয়ার বা ‘বর্জন করার ক্ষমতা কারও নেই’। সব বাধা পেরিয়ে ইরানি দল এখন মাঠের লড়াইয়ের জন্য প্রস্তুত হচ্ছে।
আল রাজীব/ আয়না নিউজ