বিশেষ প্রতিনিধি, Md Al Rajib।।
তিন দিনের রাষ্ট্রীয় সফরে রাশিয়ার মস্কোর উদ্দেশে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। রোববার (৭ জুন) সকালে তিনি মস্কোর উদ্দেশে যাত্রা করেন। মন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
সফর শেষে আগামী ৯ জুন পররাষ্ট্রমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে বলে নিশ্চিত করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কামরুল ইসলাম ভূইয়া।
এই সফরে ঢাকা-মস্কো দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর ও শক্তিশালী করার বিষয়টি গুরুত্ব পাবে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে বৈঠকে দুই দেশের সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে। এটি বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ সফর হিসেবে বিবেচিত হচ্ছে, বিশেষ করে সম্প্রতি নতুন সরকারের পর এটি পররাষ্ট্রমন্ত্রী ও উপদেষ্টার প্রথম রাশিয়া সফর।
সফরকালে পররাষ্ট্রমন্ত্রী রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন। ওই বৈঠকে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক, জ্বালানি সহযোগিতা, বাণিজ্য সম্প্রসারণ এবং অবকাঠামো খাতে চলমান প্রকল্পগুলো নিয়ে আলোচনা হবে। বিশেষ করে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রকে কেন্দ্র করে সহযোগিতার অগ্রগতি এবং সংশ্লিষ্ট প্রযুক্তিগত ও আর্থিক দিকগুলো গুরুত্ব পাবে। একই সঙ্গে ইউক্রেন যুদ্ধ-পরবর্তী নিষেধাজ্ঞাজনিত চ্যালেঞ্জ মোকাবিলার বিষয়ও আলোচনায় আসতে পারে।
সফরের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো জাতিসংঘ ও বহুপক্ষীয় কূটনীতি। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি), জাতিসংঘের সংস্কার এবং বৈশ্বিক দক্ষিণের স্বার্থ রক্ষার মতো বিষয়গুলোতে দুই দেশের অবস্থান ও সহযোগিতা নিয়ে আলোচনা হতে পারে।
সম্প্রতি জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় খলিলুর রহমানের নতুন দায়িত্ব এবং আন্তর্জাতিক অঙ্গনে তার ভূমিকা নিয়েও মতবিনিময়ের সম্ভাবনা রয়েছে। জাতিসংঘের আসন্ন ৮১তম সাধারণ অধিবেশনকে সামনে রেখে বৈশ্বিক বিভিন্ন ইস্যু, বহুপাক্ষিক সহযোগিতা এবং আন্তর্জাতিক নীতিনির্ধারণী বিষয়ে মতবিনিময় হবে এ সফরে।
রাশিয়া পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে অভিজ্ঞ কূটনীতিক হিসেবে উল্লেখ করে বলেছে, বৈশ্বিক দক্ষিণ ও পূর্বের দেশগুলোর স্বার্থ রক্ষায় তার ভূমিকা গুরুত্বপূর্ণ হতে পারে। পাশাপাশি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি), জাতিসংঘের কার্যকারিতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের বিষয়গুলোতেও আলোচনার সম্ভাবনা রয়েছে।
আল রাজীব/ আয়না নিউজ