বিশেষ প্রতিনিধি, Hafizur Rahman।।
ভারতের রাজধানী নয়াদিল্লির মালবীয় নগর এলাকায় একটি আবাসিক হোটেলে আগুনে কুমিল্লার চৌদ্দগ্রামের নুরুল আমিন সোহাগ (৪০) মারা গেছেন। এ ঘটনায় তার বোন ও ভগ্নিপতি গুরুতর দগ্ধ হয়ে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
নিহতের স্বজন হুমায়ুন কবির পাটোয়ারী এবং চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাৎ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
পরিবার সূত্রে জানা যায়, নুরুল আমিন সোহাগ কয়েকদিন আগে তার অসুস্থ ভগ্নিপতিকে চিকিৎসার জন্য বোনসহ ভারতে নিয়ে যান। তারা দিল্লির মালবীয় নগর এলাকার একটি ‘বেড অ্যান্ড ব্রেকফাস্ট’ হোটেলে অবস্থান করছিলেন।
গত বুধবার (৪ জুন) হোটেলটিতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এতে অন্তত আটজন বাংলাদেশি দগ্ধ হন। গুরুতর আহত অবস্থায় সোহাগ, তার বোন ও ভগ্নিপতিকে উদ্ধার করে দিল্লির ম্যাক্স হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (৫ জুন) সোহাগের মৃত্যু হয়।
তার বোন ও ভগ্নিপতির অবস্থা এখনও সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকরা।
ভারতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। অগ্নিকাণ্ডে বাংলাদেশিসহ মোট ২২ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
হাফিজ/ আয়না নিউজ