বিশেষ প্রতিনিধি, Hafizur Rahman।।
কক্সবাজারের উখিয়া ও টেকনাফ সীমান্তে পৃথক তিনটি অভিযানে ৫ লাখ ৭২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানের সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালানোর চেষ্টা করলে ফাঁকা গুলি ছোড়ে বিজিবি। এ সময় অধিকাংশ চোরাকারবারি মিয়ানমারের দিকে পালিয়ে যেতে সক্ষম হলেও একজন যুবককে আটক করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৪ জুন) দিনগত রাত থেকে বিভিন্ন সময় উখিয়া-টেকনাফ সীমান্তের তিনটি পৃথক এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
প্রথম অভিযানে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে গুইজারখাল এলাকায় মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশের সময় দুই সন্দেহভাজন ব্যক্তিকে চ্যালেঞ্জ করে বিজিবি। তারা পালানোর চেষ্টা করলে বিজিবি এক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এ সময় তারা দুটি ব্যাগ ফেলে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পরে ব্যাগ তল্লাশি করে প্রায় ৩ লাখ ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৯ কোটি টাকা।
অন্যদিকে, রাত ১২টা ২০ মিনিটের দিকে ইছাকের ঘের এলাকায় থার্মাল ডিভাইসের মাধ্যমে তিন সন্দেহভাজন চোরাকারবারিকে শনাক্ত করে বিজিবি। তারা পালানোর সময় বিজিবি নন-লেথাল অস্ত্র থেকে দুই রাউন্ড গুলি ছোড়ে। পরে ঘটনাস্থল থেকে তিনটি পোটলায় থাকা আরও ২ লাখ ১২ হাজার ইয়াবা জব্দ করা হয়, যার মূল্য আনুমানিক ৬ কোটি টাকার বেশি।
এছাড়া, বালুখালী বিওপির একটি বিশেষ টহল দল মাস্টারের ঘের এলাকায় অভিযান চালিয়ে মো. আমিন (২০) নামে এক যুবককে আটক করে। তল্লাশিতে তার কাছ থেকে ৬০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। আটক আমিন উখিয়ার বালুখালী এলাকার বাসিন্দা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে বহন করছিলেন।
উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, সীমান্তে মাদক চোরাচালান রোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও অভিযান আরও জোরদার করা হয়েছে। তিনি জানান, সীমান্ত সুরক্ষা ও মাদক নির্মূলে বিজিবি সর্বোচ্চ সতর্কতা ও কঠোরতার সঙ্গে দায়িত্ব পালন করছে।
হাফিজ/ আয়না নিউজ