বিশেষ প্রতিনিধি, Hafizur Rahman।।
ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি সদরে হঠাৎ করেই ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়তে শুরু করেছে। বর্তমানে জেলায় মোট ৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে আজ নতুন করে আরও ৩ জন রোগী ভর্তি হয়েছেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে ঝালকাঠি সদর হাসপাতালে সরেজমিনে দেখা যায়, ডেঙ্গু উপসর্গ নিয়ে একাধিক রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। বর্ষা মৌসুম শুরু হওয়ার সঙ্গে সঙ্গে এডিস মশার বিস্তার বাড়ায় ডেঙ্গু সংক্রমণও বৃদ্ধি পাচ্ছে বলে মনে করছেন চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষ।
হাসপাতাল সূত্র জানায়, জ্বর, মাথাব্যথা ও শরীর ব্যথার মতো উপসর্গ নিয়ে রোগীদের ভিড় বাড়ছে। অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা, শহরের বিভিন্ন এলাকায় জমে থাকা পানি এবং জনসচেতনতার অভাবকে ডেঙ্গু বিস্তারের অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করা হচ্ছে।
চিকিৎসকরা বলছেন, জ্বর হলে অবহেলা না করে দ্রুত ডেঙ্গু পরীক্ষা করানো জরুরি। পাশাপাশি বাসা-বাড়ির আশপাশ পরিষ্কার রাখা, তিন দিনের বেশি কোথাও পানি জমতে না দেওয়া এবং মশারি ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।
এদিকে ডেঙ্গু নিয়ন্ত্রণে ঝালকাঠি পৌরসভার পক্ষ থেকে শহরের গুরুত্বপূর্ণ স্থানে মাইকিংয়ের মাধ্যমে জনসচেতনতা তৈরি করা হচ্ছে। একই সঙ্গে মশা নিধনে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পৌর প্রশাসক মো. কাওসার হোসেন।
গিয়াস/ হাফিজ/ আয়না নিউজ