বিশেষ প্রতিনিধি, Hafizur Rahman।।
বাংলাদেশে ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ ফুটবল সরাসরি সম্প্রচারের সম্ভাবনা তৈরি হয়েছে। সরকারের সঙ্গে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার আলোচনা প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আলোচনা সফল হলে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম বিটিভি বিশ্বকাপের ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে।
বুধবার (৩ জুন) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) একাধিক সূত্র গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কেউ মন্তব্য করতে রাজি হননি।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, ‘পাবলিক মানি (জনগণের টাকা) খরচ না করে জনগণকে খেলা দেখানোর জন্য সব পক্ষের সঙ্গে আলোচনা সন্তোষজনকভাবে এগিয়ে চলছে।’
মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, ২০২৬ সালের ফিফা বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব বিনা মূল্যে পাওয়ার লক্ষ্যে সরকারের উচ্চপর্যায় থেকে ফিফার সঙ্গে কয়েক দফা আলোচনা হয়েছে। এ প্রক্রিয়ায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং বাংলাদেশ টেলিভিশন–এর শীর্ষ কর্মকর্তারা যুক্ত রয়েছেন।
সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, আলোচনা চূড়ান্ত হলে দেশের দর্শকেরা বিনামূল্যে বিশ্বকাপ খেলা উপভোগ করতে পারবেন। একই সঙ্গে বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোও বিটিভির কাছ থেকে সম্প্রচারস্বত্ব নিয়ে ম্যাচ দেখাতে পারবে।
জানা গেছে, আগামী দুই–এক দিনের মধ্যেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।
হাফিজ/ আয়না নিউজ