বিশেষ প্রতিনিধি, Hafizur Rahman।।
মশক নিধনের পদ্ধতি শিখতে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা সফরের প্রস্তাবের সমালোচনা করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এ জন্য বিদেশে যাওয়ার প্রয়োজন নেই। দেশের যেকোনো ডোবার পাশে কিছু সময় দাঁড়ালেই মশা দমনের নতুন নতুন উপায় বের করা সম্ভব।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন ও সিটি কর্পোরেশনের আরও পাঁচ কর্মকর্তার মশক নিধনের উদ্ভাবনী কার্যক্রম পরিদর্শনের জন্য যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা সফরের একটি প্রস্তাব প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হলে এ মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, প্রস্তাবটি পর্যালোচনার সময় প্রধানমন্ত্রী বলেন, “মশক নিধন শেখা বা দেখার জন্য যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় যাওয়ার দরকার নেই। দেশেই সন্ধ্যার পর যেকোনো ডোবার পাশে দুই থেকে তিন ঘণ্টা অবস্থান করলেই মশক নিধনের অনেক উদ্ভাবনী পদ্ধতি বের করা সম্ভব হবে।”
প্রধানমন্ত্রীর এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। অনেকেই সরকারি ব্যয় সাশ্রয় ও বাস্তবভিত্তিক উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করে মন্তব্য করছেন।
উল্লেখ্য, দেশে ডেঙ্গু ও মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশনগুলোর কার্যক্রম নিয়ে দীর্ঘদিন ধরেই নানা আলোচনা ও সমালোচনা চলছে।
হাফিজ/ আয়না নিউজ