বিশেষ প্রতিনিধি, Hafizur Rahman।।
জাকির হোসেন সৈকত, চাঁদপুর : চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা থানা পুলিশের অভিযানে ইয়াবা উদ্ধারের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে বড় ধরনের গুজব। অনলাইনে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধারের দাবি ভাইরাল হলেও পুলিশের অফিসিয়াল বিবৃতিতে বলা হয়েছে, উদ্ধার হয়েছে মাত্র ২৮০ পিস ইয়াবা ট্যাবলেট।
জানা যায়, রোববার উপজেলার বালিথুবা পশ্চিম ইউনিয়নের মদনেরগাঁও গ্রামে অভিযান চালিয়ে ফরিদগঞ্জ থানা পুলিশ চার মাদক ব্যবসায়ীকে আটক করে। অভিযানের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করা হয়, সেখানে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে—যা দ্রুতই বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে।
তবে পরে রাতে থানার পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মদনেরগাঁও এলাকায় অভিযান চালিয়ে ২৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজনকে আটক করা হয়েছে।
আটকরা হলেন,মদনেরগাঁও গ্রামের আরিফুর রহমানের ছেলে মিঠুন পাটোয়ারী (৩৫), মৃত শাখাওয়াত হোসেনের ছেলে খাদেমুল ইসলাম বাবু (৩৭), পার্শ্ববর্তী রায়পুর উপজেলার রশিদ মিয়ার ছেলে মনির শেখ (২৮) এবং ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার আলী মিয়ার ছেলে আনিছুর রহমান (২২)।
পুলিশ সূত্র জানায়, মিঠুন পাটোয়ারীর বাড়ির সামনে ফাঁকা জায়গা এবং রান্নাঘরের ভেতর থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আল আমিন বলেন, ২৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চার মাদক ব্যবসায়ীকে আটকের পর একটি কুচক্রী মহল উদ্দেশ্যমূলকভাবে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধারের গুজব ছড়িয়েছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন।
তিনি আরও জানান, আটক আসামিদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং তাদের সোমবার (১ জুন ২০২৬) চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে।
জাকির/ হাফিজ/ আয়না নিউজ