বিশেষ প্রতিনিধি, Hafizur Rahman।।
মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মতিন আর নেই। তিনি সোমবার (১ জুন) দুপুর ১২টার দিকে ঢাকার মিরপুরে নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮১ বছর।
পরিবার ও ঘনিষ্ঠ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন তিনি। তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং কুলাউড়া আসনের সাবেক এমপি শফিউল আলম চৌধুরী নাদেল।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে কুলাউড়াসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
১৯৪৫ সালের ১৭ মার্চ কুলাউড়ার জয়চন্ডী ইউনিয়নের কামারকান্দি গ্রামে জন্মগ্রহণ করেন আব্দুল মতিন। তিনি ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়ে সংসদ সদস্য হন। পরে ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মহাজোটের প্রার্থীর পক্ষে নিজের প্রার্থিতা প্রত্যাহার করেন।
রাজনৈতিক জীবনে তিনি কুলাউড়া উপজেলা পরিষদের দুইবারের চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং জয়চন্ডী ইউনিয়ন পরিষদের পাঁচবার নির্বাচিত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি জেলা ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সদস্য ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমের মরদেহ ঢাকায় থেকে কুলাউড়ার উদ্দেশে নেওয়া হচ্ছে। মঙ্গলবার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
হাফিজ/ আয়না নিউজ