বিশেষ প্রতিনিধি, Hafizur Rahman।।
নাটোর প্রতিনিধি : নাটোরের সিংড়া উপজেলার বন্দর এলাকায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১ জুন) সকাল আনুমানিক ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহতরা হলেন,লালপুর উপজেলার সাধুপাড়া গ্রামের সাজেদুল ইসলামের ছেলে জীবন ইসলাম, নাটোর সদর উপজেলার ইসলাবাড়ি গ্রামের মোতালেব হোসেনের ছেলে হীরা এবং সদর উপজেলার আলাইপুর এলাকার তৈয়ব আলীর ছেলে সাইফুল ইসলাম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে একটি ট্রাক নাটোর থেকে বগুড়ার দিকে যাচ্ছিল। পথে সিংড়া উপজেলার বন্দর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী জীবন ইসলাম ও হীরা নিহত হন। গুরুতর আহত হন সাইফুল ইসলাম।
স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল আনুমানিক ৯টা ১৫ মিনিটে তিনি মারা যান।
সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে, এ দুর্ঘটনায় নিহত তিন পরিবারের বাড়িতে শোকের মাতম বিরাজ করছে।
সান্টু/ হাফিজ/ আয়না নিউজ