বিশেষ প্রতিনিধি, Md Al Rajib।।
হলিউডের অন্যতম প্রভাবশালী এবং অস্কারজয়ী চলচ্চিত্র সম্পাদক মার্সিয়া লুকাস মারা গেছেন। মার্সিয়া ছিলেন কালজয়ী ‘স্টার ওয়ার্স’ ফ্র্যাঞ্চাইজির প্রথম তিনটি সিনেমার নেপথ্যের এক অন্যতম প্রধান সৃজনশীল শক্তি। মহাকাশভিত্তিক এই মহাকাব্যিক সিরিজের শুরুর দিকের আকাশছোঁয়া সাফল্যের পেছনে তার সম্পাদনা, আবেগীয় গভীরতা ও চমৎকার গল্প বলার শৈলীকে মূল চাবিকাঠি হিসেবে বিবেচনা করা হয়।
১৯৪৫ সালে ক্যালিফোর্নিয়ার মডেস্টোতে জন্ম গ্রহন করেন এই গুণী শিল্পী। তার আসল নাম মার্সিয়া গ্রিফিন। কর্মজীবন শুরু করেছিলেন একজন ফিল্ম লাইব্রেরিয়ান হিসেবে। পরবর্তীতে নিজের মেধা ও কঠোর পরিশ্রমে হলিউডের সবচেয়ে সম্মানিত সম্পাদকদের একজন হয়ে ওঠেন তিনি। ১৯৬৯ সালে চলচ্চিত্র নির্মাতা জর্জ লুকাসের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মার্সিয়া। এরপর স্বামীর শুরুর দিকের কিছু চলচ্চিত্রে একসঙ্গে কাজ করেন, যার মধ্যে ‘আমেরিকান গ্রাফিতি’ সিনেমার জন্য তিনি ক্যারিয়ারের প্রথম অস্কার মনোনয়ন পান।
পরবর্তীতে ১৯৭৭ সালে মুক্তিপ্রাপ্ত মূল ‘স্টার ওয়ার্স’ (যা পরে 'এ নিউ হোপ' নামে পুনর্নামকরণ করা হয়) চলচ্চিত্রের জন্য রিচার্ড চিউ এবং পল হার্শের সঙ্গে যৌথভাবে সেরা চলচ্চিত্র সম্পাদনার একাডেমি পুরস্কার অস্কার জয় করেন মার্সিয়া। পর্দার আড়ালে কাজ করলেও ‘স্টার ওয়ার্স’-এর গল্পকে দর্শকদের হৃদয়ে পৌঁছে দেওয়ার মূল কারিগর ছিলেন তিনিই। সিনেমার শেষদিকের জটিল ‘ডেথ স্টার’ যুদ্ধক্ষেত্রের এলোমেলো সংলাপের ফুটেজ জোড়া লাগিয়ে একটি চমৎকার দৃশ্যকাব্য তৈরি করে আলোরন সৃষ্টি করেন যার পুরো কৃতিত্ব মার্সিয়াকে দিয়েছিলেন খোদ জর্জ লুকাস।
আল রাজীব/ আয়না নিউজ