বিশেষ প্রতিনিধি, Hafizur Rahman।।
রাজধানীর ডেমরায় একটি স্টিল কারখানায় বয়লার বিস্ফোরণে তিন শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে দুজনকে গুরুতর অবস্থায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
রোববার (৩১ মে) সকালে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন সাব্বির হোসেন (২৪), তোফাজ্জল হোসেন (৪৮) ও মাজেদ হোসেন (৫২)।
সহকর্মীরা জানান, সকালে স্টিল মিলে বয়লার মেশিনে লোহা গলানোর কাজ চলছিল। এ সময় বয়লারের ভেতরে ত্রুটির কারণে হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে গলিত লোহা ছড়িয়ে পড়ে এবং তিন শ্রমিক দগ্ধ হন। পরে সহকর্মীরা তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, সাব্বিরের শরীরের ৩৫ শতাংশ, তোফাজ্জলের ২৩ শতাংশ এবং মাজেদ হোসেনের ১ শতাংশ পুড়ে গেছে। এর মধ্যে মাজেদকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি দুজনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
হাফিজ/ আয়না নিউজ