বিশেষ প্রতিনিধি, Hafizur Rahman।।
দিনাজপুরের চিরিরবন্দরে প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই কলেজছাত্র নিহত হয়েছেন। শনিবার (৩০ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ফতেজংপুর ইউনিয়নের দশমাইল হাইওয়ে থানার পশ্চিম পাশে গাড়োডাঙ্গি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন চিরিরবন্দরের ডা. খালেদ সাগরের ছেলে জাবির খালেদ (১৯) এবং তেঁতুলিয়া ইউনিয়নের বৈকুণ্ঠপুর গ্রামের মো. দুলাল হোসেনের ছেলে মো. রিয়াদ হোসেন (১৯)।
স্থানীয়দের বরাতে জানা যায়, জাবির ও রিয়াদ আমেনা-বাকি রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। শনিবার বিকেলে তারা মোটরসাইকেলে করে সৈয়দপুর যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন। পথে গাড়োডাঙ্গি ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে রংপুরের ডক্টরস হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুন নবী দুর্ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
হাফিজ/ আয়না নিউজ