বিশেষ প্রতিনিধি, Hafizur Rahman।।
কুমিল্লা জেলা পরিষদের তহবিল থেকে অর্থ বরাদ্দ নিয়ে বিতর্কের জেরে জেলা পরিষদের প্রশাসক ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্যের মধ্যে ফোনালাপের একটি কলরেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ৫৩ সেকেন্ডের ওই অডিও ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।
জেলা পরিষদের প্রশাসক মো. মোস্তাক মিয়া এবং কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ-এর মধ্যে এ ফোনালাপটি ঘটে অর্থ বরাদ্দ সংক্রান্ত এক বক্তব্যকে কেন্দ্র করে।
অডিও অনুযায়ী, জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া বলেন, তিনি রাজস্ব খাত নয়, বিভিন্ন খাত মিলিয়ে জেলা পরিষদের মাধ্যমে দেবীদ্বার ও মুরাদনগর উপজেলায় উন্নয়ন কাজে অর্থ বরাদ্দের কথা উল্লেখ করেছেন। তিনি জানান, ওই দুই উপজেলায় মোট ২৫ কোটি টাকার উন্নয়ন কাজ হয়েছে।
ফোনালাপে হাসনাত আব্দুল্লাহ প্রশ্ন করেন, “আপনি কী বলছেন?” জবাবে মোস্তাক মিয়া বলেন, “আমি বলছি ডেভেলপমেন্ট ওয়ার্কে আপনারা দুই উপজেলায় নিয়ে গেছেন ২৫ কোটি।”
এ সময় প্রশাসক আরও বলেন, “আমি তো বলিনি আপনারা টাকা খাইছেন, কাজের জন্যই নেয়া হয়েছে।”
অন্যদিকে, হাসনাত আব্দুল্লাহ সাংবাদিকদের কাছে দাবি করেন, স্থানীয় সরকার বিভাগের বিশেষ বরাদ্দ জেলা পরিষদের মাধ্যমে উন্নয়ন কাজে ব্যয় হয়েছে। তার বক্তব্য অনুযায়ী, দেবীদ্বারে ১০ কোটি নয়, বরং ৫ কোটি টাকা এডিপি প্রকল্পের মাধ্যমে বরাদ্দ দেয়া হয়েছে এবং এটি রাজস্ব খাতের সঙ্গে সম্পর্কিত নয়।
তিনি আরও বলেন, রাজস্ব খাত ও বিশেষ বরাদ্দের পার্থক্য সঠিকভাবে বোঝা হলে জেলা পরিষদের প্রশাসকের এমন মন্তব্য আসত না। তার ভাষায়, বিষয়টি এমনভাবে উপস্থাপন করা হয়েছে যেন অর্থ ব্যক্তিগতভাবে নেয়া হয়েছে, অথচ তা পুরোপুরি উন্নয়ন কাজে ব্যয় হয়েছে।
এ বিষয়ে জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া বলেন, দুই উপজেলায় মোট ২৫ কোটি টাকা উন্নয়ন কাজের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। কেউ ব্যক্তিগতভাবে অর্থ নিয়ে খেয়েছে—এ ধরনের কোনো বক্তব্য তিনি দেননি বলেও দাবি করেন।
হাফিজ/ আয়না নিউজ