বিশেষ প্রতিনিধি, Hafizur Rahman।।
বিশ্বশান্তি প্রতিষ্ঠায় আত্মত্যাগের স্বীকৃতি হিসেবে বাংলাদেশের ৬ জন বীর সেনানীকে মরণোত্তর জাতিসংঘের মর্যাদাপূর্ণ ‘দাগ হ্যামারশোল্ড মেডেল’ প্রদান করা হচ্ছে। আগামী ৫ জুন ‘আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস’ উপলক্ষে নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে এই পদক তুলে দেবেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।
জাতিসংঘের তথ্যমতে, চলতি বছর বিশ্বজুড়ে দায়িত্ব পালনকালে প্রাণ হারানো ৬৮ জন সামরিক, পুলিশ ও বেসামরিক শান্তিরক্ষীকে মরণোত্তর ‘দাগ হ্যামারশোল্ড মেডেল’ প্রদান করা হবে। এর মধ্যে গত বছর নিহত হয়েছেন ৫৯ জন শান্তিরক্ষী। সেই তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের ৬ জন সাহসী সেনাসদস্য।
মরণোত্তর এই সম্মাননায় ভূষিত হচ্ছেন প্রাইভেট মো. জাহাঙ্গীর আলম, প্রাইভেট মো. সবুজ মিয়া, কর্পোরাল মো. মাসুদ রানা, প্রাইভেট মো. মোমিনুল ইসলাম, প্রাইভেট শামীম রেজা এবং প্রাইভেট শান্ত মন্ডল।
তারা ২০২৫ সালের ১৩ ডিসেম্বর আব্বেই অঞ্চলে জাতিসংঘের অন্তর্বর্তীকালীন নিরাপত্তা বাহিনীতে কর্মরত অবস্থায় ড্রোন হামলায় নিহত হন। দায়িত্ব পালনের সময় তাদের এই আত্মত্যাগ বাংলাদেশের জন্য গৌরব ও সম্মানের বলে উল্লেখ করেছেন সংশ্লিষ্টরা।
জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অবদান দীর্ঘদিনের। বিশ্বের বিভিন্ন সংঘাতপূর্ণ অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশি শান্তিরক্ষীরা পেশাদারিত্ব, সাহসিকতা ও মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে আসছেন।
হাফিজ/ আয়না নিউজ