বিশেষ প্রতিনিধি, Surjoy Karmaker।।
ব্রাহ্মণবাড়িয়ায় বনলতা এক্সপ্রেস সিনেমার প্রদর্শনীকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র বিরোধিতা ও বিতর্কের জেরে সিনেমা প্রদর্শনী আপাতত স্থগিত করেছে জেলা প্রশাসক। প্রচারণা শুরু হওয়ার পর পরই ফেসবুকে কিছু পোস্টের মাধ্যমে প্রদর্শনীটিকে নিয়ে সমালোচনার সৃষ্টি হলে এই পদক্ষেপ নেওয়া হয়।
শুক্রবার (২৯ মে) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক আবু সাঈদ বলেন, সিনেমা প্রদর্শনীর বিষয়টা এখন জাতীয় ইস্যু হয়ে গেছে। যারা সিনেমাটির প্রদর্শনী বন্ধে ফেসবুকে পোস্ট করেছেন, তারা বিভিন্ন রকম ক্ষোভ প্রকাশ করছেন। এমতাবস্থায় আগামীকাল প্রদর্শনী করতে দেওয়া উচিত হবে না। পরে পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শহরের অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ে শনিবার (৩০ মে) সিনেমাটির প্রদর্শনীর আয়োজনের কথা ছিলো ব্রাহ্মণবাড়িয়া ফিল্ম সোসাইটির। জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে গঠিত এই সংগঠনটি দীর্ঘদিন ধরে ভাতঘুমের সিনেমা আড্ডা শিরোনামে চলচ্চিত্র প্রদর্শন করে আসছে।
ব্রাহ্মণবাড়িয়া জেলার কওমি ছাত্র ঐক্য পরিষদের কিছু শিক্ষার্থী ফেসবুকে সিনেমাটি প্রদর্শনের বিরুদ্ধে পোস্ট দিলে, বিষয়টি নিয়ে অনলাইনে শুরু হয় আলোচনা-সমালোচনা। এতে পরিস্থিতি নিয়ে উত্তেজনা তৈরি হয়।
বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বনলতা এক্সপ্রেস এর নির্মাতা তানিম নূর। তিনি বলেন, কিছুদিন আগে ব্রাহ্মণবাড়িয়ার ফিল্ম সোসাইটি থেকে একটি ছেলে তার সঙ্গে যোগাযোগ করে জানায়, তারা সিনেমাটি দেখাতে চায়। আমি খুব খুশি হয়েছিলাম। কিন্তু গতকাল ফেসবুকে দেখলাম, বেশ কয়েকজন পোস্ট দিচ্ছে, একটি পক্ষ বলছে সিনেমাটি চালানো যাবে না, সেখানে সিনেমা নিষিদ্ধ। বর্তমানে নতুন ভেন্যু নির্ধারণ নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন আয়োজকেরা।
এই ঘটনায় তিনি ব্যক্তিগতভাবে কষ্ট পেয়ে বলেন, তারা আমার ছবির পোস্টারে ক্রস চিহ্ন দিয়ে প্রচার করছে এবং উগ্রবাদী কথাবার্তাও বলেছে। এটা তো তারা করতে পারে না। এটা পুরোপুরি বেআইনি। একটি অনুমোদিত চলচ্চিত্র প্রদর্শনীকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিতর্কিত করা হচ্ছে এবং ধর্মীয় ও সামাজিক অনুভূতিকে ব্যবহার করে জনমত প্রভাবিত করার চেষ্টা চলছে। এ বিষয়ে নির্মাতা প্রশাসনের কাছে প্রদর্শনী নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
নিজের জন্মস্থান ব্রাহ্মণবাড়িয়ায় এমন পরিস্থিতি তৈরি হওয়ায় তিনি হতাশা প্রকাশ করেন এবং প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
সূর্যয় / আয়না নিউজ