বিশেষ প্রতিনিধি, Hafizur Rahman।।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর সাদাসিধে ও নির্মোহ জীবন, বলিষ্ঠ ব্যক্তিত্ব, প্রশ্নাতীত সততা এবং বাস্তববাদী রাষ্ট্রনায়ক হিসেবে তাঁর অবদান জাতির স্মৃতিতে চিরকাল উজ্জ্বল থাকবে।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ মন্তব্য করেন। রাষ্ট্রপতি বলেন, জিয়াউর রহমানের কর্মময় জীবন, দেশপ্রেম, দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান, ন্যায়বিচার প্রতিষ্ঠার অঙ্গীকার এবং স্বনির্ভর উন্নয়ন ভাবনা নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
রাষ্ট্রপতি আরও বলেন, ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে দেশবিরোধী ষড়যন্ত্রের শিকার হয়ে তিনি নিহত হন। মুক্তিযুদ্ধের এই বীর সেনানায়ক, স্বাধীনতার ঘোষক এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক হিসেবে তাঁর অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
তিনি স্মরণ করিয়ে দেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের প্রারম্ভে ২৬ মার্চের প্রথম প্রহরে জিয়াউর রহমান পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধের আহ্বান জানান, যা সমগ্র জাতিকে মুক্তিযুদ্ধে অনুপ্রাণিত করেছিল।
রাষ্ট্রপতি বলেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে তিনি দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা, মতপ্রকাশ ও সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করেন এবং বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে জাতিকে ঐক্যবদ্ধ করেন।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মো. সাহাবুদ্দিন আরো বলেন, জিয়াউর রহমানের ১৯ দফা কর্মসূচি, উন্নয়ন পরিকল্পনা, রপ্তানি প্রবৃদ্ধি ও স্বনির্ভর অর্থনীতি গঠনের উদ্যোগ দেশকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি আন্তর্জাতিক অঙ্গনে ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি গ্রহণ এবং বিদেশে শ্রমবাজার সম্প্রসারণে তাঁর অবদানকেও স্মরণ করেন।
রাষ্ট্রপতি বলেন, স্বল্প সময় রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলেও গভীর দেশপ্রেম, ন্যায়পরায়ণতা ও দূরদর্শিতার মাধ্যমে তিনি দেশের অগ্রযাত্রায় স্থায়ী ছাপ রেখে গেছেন।
হাফিজ/ আয়না নিউজ