বিশেষ প্রতিনিধি, Hafizur Rahman।।
পবিত্র ঈদুল আজহার তৃতীয় দিনেও রাজধানী ঢাকা ছাড়ছেন অসংখ্য মানুষ। কোরবানির আনুষ্ঠানিকতা শেষ করে পরিবারের সঙ্গে বাকি ছুটি কাটাতে গ্রামের পথে রওনা হয়েছেন অনেকেই।
শনিবার (৩০ মে) সকাল থেকেই রাজধানীর গাবতলী ও কল্যাণপুর বাস টার্মিনালে ঘরমুখো মানুষের ভিড় দেখা যায়। উত্তর ও দক্ষিণবঙ্গগামী বাসগুলোতে যাত্রীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অনেককে পরিবার-পরিজন ও ব্যাগেজ নিয়ে বাসের জন্য অপেক্ষা করতে দেখা গেছে।
যাত্রীরা জানান, কোরবানির কারণে ঈদের আগে বাড়ি যেতে পারেননি তারা। তাই ঈদের পরপরই গ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছেন।
কল্যাণপুর বাস টার্মিনালে অপেক্ষারত বেসরকারি চাকরিজীবী সাইফুল ইসলাম বলেন, কোরবানির মাংস আত্মীয়-স্বজনদের মধ্যে বণ্টন শেষে শনিবার সকালে পরিবার নিয়ে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছেন তিনি। বাকি ছুটিটা মা-বাবার সঙ্গে কাটানোর পরিকল্পনা রয়েছে তার।
এদিকে, সরকারি ছুটির সঙ্গে অতিরিক্ত ছুটি যোগ করতে পেরে অনেক চাকরিজীবী এখন ঢাকা ছাড়ছেন। ফলে ঈদের তৃতীয় দিনেও বাস টার্মিনালগুলোতে যাত্রীচাপ অব্যাহত রয়েছে।
গাবতলী বাস টার্মিনালের একটি পরিবহনের কাউন্টার সংশ্লিষ্টরা জানান, আগের দিনের তুলনায় যাত্রীচাপ কিছুটা কমলেও এখনও নিয়মিত যাত্রী যাচ্ছে। বাসগুলো নির্ধারিত সময়েই ছেড়ে যাচ্ছে। তবে রোববার থেকে ঢাকামুখী যাত্রীর চাপ বাড়তে পারে বলেও ধারণা করছেন তারা।
হাফিজ/ আয়না নিউজ