বিশেষ প্রতিনিধি, Hafizur Rahman।।
ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য দবিরুল ইসলাম মারা গেছেন। বৃহস্পতিবার (২৮ মে) বিকেলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন।
দবিরুল ইসলাম ১৯৯১ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত টানা ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি এলাকার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিলেন।
তবে সাম্প্রতিক সময়ে তিনি একাধিক মামলার কারণে আলোচনায় ছিলেন। ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর ১০ কোটি টাকার চাঁদাবাজি ও জমি দখলের অভিযোগে ঠাকুরগাঁও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে প্রধান আসামি করে ২৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন এক ব্যবসায়ী। ওই মামলায় তিনি গ্রেফতার হন।
এছাড়া ২০১৬ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ভোটকেন্দ্র দখল, মারধর এবং কর্তব্যরত পুলিশ সদস্যদের রাইফেল ছিনিয়ে নিয়ে গুলিবর্ষণের ঘটনায় শিক্ষার্থী মাহাবুব আলম পল্টু নিহত হওয়ার মামলায়ও তাকে প্রধান আসামি করা হয়। ২০২৪ সালের ২৫ সেপ্টেম্বর দায়ের হওয়া ওই মামলায় মোট ৩৮ জনকে আসামি করা হয়।
এসব মামলায় কারাবন্দি থাকার পর সম্প্রতি জামিনে মুক্তি পান দবিরুল ইসলাম। পরে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি।
উল্লেখ্য, দবিরুল ইসলামের বড় ছেলে ও ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য মাজহারুল ইসলাম সুজন একই মামলায় বর্তমানে কারাগারে রয়েছেন।
হাফিজ/ আয়না নিউজ