বিশেষ প্রতিনিধি, Surjoy Karmaker।।
দীর্ঘ বিরতির পর আবারও বাংলাদেশে গান গাইতে আসছেন ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় সংগীতশিল্পী ও সুরকার অনুপম রায়। আগামী ২৬ জুন ঢাকায় একটি কনসার্টে পারফর্ম করবেন তিনি। বাংলাদেশে এসে একটি সংবাদ সম্মেলন করার পরিকল্পনার কথাও উল্লেখ করেন অনুপম রায়।
জনপ্রিয় এই সংগীতশিল্পী জানান, আগামী ২৬ জুন বাংলাদেশে পারফর্ম করার বিষয়টি চূড়ান্ত হয়েছে। আমরা পুরো ব্যান্ড নিয়ে যাব এবং কনসার্টের আগে ঢাকায় একটি সংবাদ সম্মেলনও করব।
আয়োজক প্রতিষ্ঠান ট্রিপল টাইম কমিউনিকেশন ইতোমধ্যে ব্যান্ডটির সাথে আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন করেছে, তবে অনুষ্ঠান কোথায় হবে, সেটি এখনো নির্ধারণ করা হয়নি। বিষয়টি নিশ্চিত করেছেন কলকাতা থেকে দ্য অনুপম রায় ব্যান্ড এর ম্যানেজার রানা সিংহ রায়।
এদিকে আয়োজক প্রতিষ্ঠান ট্রিপল টাইম কমিউনিকেশনের অফিশিয়াল ফেসবুক পেজেও অনুপম রায়ের আসার ঘোষণা দিয়ে একটি পোস্ট করা হয়েছে। সেখানে লেখা হয়েছে, এক শহর, এক মঞ্চ,একটাই সত্যিকারের সাউন্ড। এই জুনে অবিস্মরণীয় এক সন্ধ্যা নিয়ে আবারও ঢাকায় আসছে অনুপম রায় ও তার ব্যান্ড। খুব শিগগিরই টিকিট বিক্রি শুরু হবে।
এর আগে ২০২৪ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে সবশেষ ঢাকায় এসেছিলেন জনপ্রিয় এই সংগীতশিল্পী। সে সময় ঢাকার রাস্তায় তার হেঁটে বেড়ানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের মাঝে বেশ সাড়া ফেলেছিল।
সূর্যয় / আয়না নিউজ