বিশেষ প্রতিনিধি, Surjoy Karmaker।।
টাঙ্গাইলের দেলদুয়ারের তাতশ্রী ঈদগাহ মাঠে ঈদের নামাজকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হওয়ায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। বুধবার (২৭ মে) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন দেলদুয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা জহুরা সুলতানা যূথি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জহুরা সুলতানা যূথি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, বৃহস্পতিবার (২৮ মে) ঈদের দিন ভোর ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত তাতশ্রী ঈদগাহ মাঠ এলাকায় ১৪৪ ধারা কার্যকর থাকবে।
উপজেলা প্রশাসন বিজ্ঞপ্তিতে বলেন , ঈদের নামাজ আদায়কে কেন্দ্র করে একই গ্রামের দুটি পক্ষের মধ্যে বিরোধ ও উত্তেজনা তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করা হয়।
নিষেধাজ্ঞার আওতায়, ঈদগাহ মাঠের ৪০০ গজের মধ্যে সব ধরনের সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, স্লোগান, পিকেটিং, মাইক্রোফোন ব্যবহার, ঢাকঢোল বাজানো, গোলযোগ সৃষ্টি, লাঠিসোঁটা বহন এবং বিস্ফোরক দ্রব্য রাখা নিষিদ্ধ।
তবে জরুরি চিকিৎসাসেবা ও খাদ্য সরবরাহসহ প্রয়োজনীয় সেবাগুলো এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে বলে জানিয়েছে প্রশাসন।
সূর্যয় / আয়না নিউজ