বিশেষ প্রতিনিধি, Hafizur Rahman।।
ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায়। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ব্যবস্থাপনায় আয়োজিত এ জামাতে রাষ্ট্রের শীর্ষ ব্যক্তিবর্গসহ হাজারো মুসল্লি অংশ নেবেন।
জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত এই প্রধান জামাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী এবং মন্ত্রী পরিষদের সদস্য, বিচারপতি, কূটনীতিক ও অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের অংশগ্রহণের আশা করা হচ্ছে।
ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম জানিয়েছেন, ঈদ জামাতকে কেন্দ্র করে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আধুনিক সুযোগ-সুবিধা, নিরাপত্তা ও নারী-পুরুষের জন্য পৃথক ব্যবস্থাপনার মাধ্যমে সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করা হয়েছে।
ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা জানান, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক প্রধান জামাতে ইমামতি করবেন। বায়তুল মোকাররম জাতীয় মসজিদ-কে কেন্দ্র করে বিকল্প ব্যবস্থাও রাখা হয়েছে বৃষ্টি বা বিশেষ পরিস্থিতিতে এখানেই প্রধান জামাত অনুষ্ঠিত হতে পারে।
প্রায় ৩০ হাজার বর্গমিটার এলাকায় ঈদগাহ মাঠ প্রস্তুত করা হয়েছে, যার মধ্যে প্যান্ডেলের অংশ ২৫,৪০০ বর্গমিটার। ১২১টি কাতারে একসঙ্গে প্রায় ৩৫ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। এর মধ্যে ভিআইপি, পুরুষ ও নারীদের জন্য আলাদা কাতার নির্ধারণ করা হয়েছে।
নিরাপত্তার স্বার্থে মোট ৪টি প্রবেশ ফটক ও ৭টি বহির্গমন ফটকের ব্যবস্থা রাখা হয়েছে। অজুখানায় একসঙ্গে প্রায় ১৪০ জন অজু করতে পারবেন। পাশাপাশি শীতাতপ নিয়ন্ত্রণ, পর্যাপ্ত ফ্যান, আলো, বিশুদ্ধ পানি, কার্পেট ও জায়নামাজসহ প্রয়োজনীয় সব সুবিধা নিশ্চিত করা হয়েছে।
ঈদ জামাতকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপণ ব্যবস্থা, প্রাথমিক চিকিৎসা সেবা, ভ্রাম্যমাণ টয়লেট ও বৃষ্টির পানি নিষ্কাশনের ব্যবস্থাও রাখা হয়েছে।
আয়োজকরা জানিয়েছেন, মুসল্লিদের নিরাপদ, স্বস্তিদায়ক ও ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে ঈদের নামাজ আদায়ের জন্য সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
হাফিজ/ আয়না নিউজ