বিশেষ প্রতিনিধি, Hafizur Rahman।।
ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার কয়েকটি স্থানে এবারও সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল আজহার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। বুধবার (২৭ মে) সকাল ৮টায় উপজেলার চটকাবাড়িয়া আহলে হাদিস জামে মসজিদে প্রধান জামাত অনুষ্ঠিত হয়।
একই সঙ্গে ভালকি ও নিত্যানন্দপুর এলাকাতেও স্থানীয় মুসল্লিরা ঈদের নামাজ আদায় করেন। বৃষ্টির কারণে কয়েকটি স্থানে খোলা মাঠের পরিবর্তে ঘরের ভেতরেই জামাত অনুষ্ঠিত হয়।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সৌদি আরবের সময়সূচির সঙ্গে মিল রেখে দীর্ঘদিন ধরেই এসব এলাকায় ঈদের জামাতের আয়োজন করা হয়ে আসছে। এবারের ঈদের জামাতে দখলপুর, নারায়নকান্দি, বৈঠাপাড়া, বোয়ালিয়া, চটকাবাড়ীয়া, পারফলসী, নিত্যানন্দপুর, ভালকি ও পায়রাডাঙ্গা এলাকার শতাধিক মুসল্লি অংশ নেন।
নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। খুতবায় ইমাম কোরবানি ও ত্যাগের তাৎপর্য তুলে ধরেন।
ইমন/ হাফিজ/ আয়না নিউজ