বিশেষ প্রতিনিধি, Hafizur Rahman।।
রাজধানীর উত্তরায় নারী ধর্ষণের অভিযোগ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি পোস্ট ও ভিডিও সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ঢাকা মেট্রোপলিটন পুলিশ)।
মঙ্গলবার (২৬ মে) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের পক্ষ থেকে জানানো হয়, ফেসবুকে প্রচারিত ওই দাবির বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী প্রাথমিকভাবে তদন্ত ও যাচাই-বাছাই করেছে। এতে উত্তরা বা রাজধানী ঢাকায় এমন কোনো ঘটনার সত্যতা পাওয়া যায়নি।
ভাইরাল হওয়া ভিডিওতে দাবি করা হয়েছিল, ঈদের কেনাকাটার সময় এক নারীকে স্বামীসহ অপহরণ করে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে—যা সম্পূর্ণ গুজব বলে নিশ্চিত করেছে ডিএমপি।
ডিএমপির ডিসি (মিডিয়া) এন এম নাসিরুদ্দিন বলেন, কিছু অসাধু ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে গুজব ছড়িয়ে জনমনে বিভ্রান্তি ও আতঙ্ক তৈরি করছে।
তিনি আরও জানান, সাম্প্রতিক সময়ে পুরোনো বা বিদেশের বিভিন্ন ভিডিও বাংলাদেশে ঘটেছে বলে প্রচার করে বিভ্রান্তি ছড়ানোর একাধিক ঘটনা শনাক্ত হয়েছে, যেগুলো ফ্যাক্টচেক সংস্থাগুলোও মিথ্যা হিসেবে চিহ্নিত করেছে।
এ ধরনের গুজব ও অপপ্রচার থেকে বিরত থাকতে এবং কোনো তথ্য শেয়ার করার আগে নির্ভরযোগ্য সূত্র থেকে যাচাই করার জন্য নাগরিকদের অনুরোধ জানিয়েছে ডিএমপি।
একই সঙ্গে গুজব ছড়িয়ে বিভ্রান্তি তৈরির সঙ্গে জড়িতদের শনাক্তে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানিয়েছে সংস্থাটি।
হাফিজ/ আয়না নিউজ