বিশেষ প্রতিনিধি, Hafizur Rahman।।
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি এবং তাদের মিত্র ইসরায়েলের ভবিষ্যৎ নিয়ে কঠোর বার্তা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। পবিত্র হজ উপলক্ষে দেওয়া এক বার্তায় তিনি বলেন, এই অঞ্চলের দেশ ও ভূখণ্ড আর মার্কিন ঘাঁটিগুলোর জন্য নিরাপদ আশ্রয় হিসেবে ব্যবহৃত হতে পারবে না।
বার্তায় খামেনি ইসরায়েলকে উদ্দেশ করে বলেন, ‘ভঙ্গুর জায়নবাদী শাসনব্যবস্থা’ এবং ‘ইসরায়েল নামের ক্যান্সারাক্রান্ত টিউমার’ ধীরে ধীরে তাদের অস্তিত্বের শেষ পর্যায়ের দিকে এগোচ্ছে।
তিনি আরও বলেন, এই অঞ্চলে অন্যায়-অপকর্ম ও সামরিক ঘাঁটি স্থাপনের জন্য যুক্তরাষ্ট্রের আর কোনো নিরাপদ আশ্রয় থাকবে না।
হজের বার্তায় ইরানের সর্বোচ্চ নেতা দেশটির সশস্ত্র বাহিনীর প্রশংসা করেন। তিনি তাদের ‘মহান শয়তান আমেরিকা এবং তাদের দ্বারা লালিত জায়নবাদী শাসকগোষ্ঠীর’ বিরুদ্ধে প্রতিরোধে ভূমিকার কথা উল্লেখ করেন।
এ সময় তিনি বলেন, এবারের হজে আরাফাতের ময়দানের আচার-অনুষ্ঠানের গুরুত্ব আরও বেশি, কারণ এই সময় ‘আমেরিকা ও জায়নবাদী শাসনব্যবস্থাকে বর্জনের’ বার্তা আরও বিস্তৃত হচ্ছে।
হজ-পরবর্তী পরিস্থিতি নিয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, ‘আমেরিকা নিপাত যাক’ এবং ‘ইসরায়েল নিপাত যাক’—এগুলোই মুসলিম উম্মাহর প্রধান স্লোগান হিসেবে আরও জোরালো হবে।
হাফিজ/ আয়না নিউজ