বিশেষ প্রতিনিধি, Hafizur Rahman।।
নারায়ণগঞ্জের পাইকপাড়ায় রাবেয়া অ্যাগ্রো ফার্মে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এলভিনো জাতের মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’-কে লাল গালিচায় সংবর্ধনা দিয়ে নতুন মালিকের কাছে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়েছে।
ঈদুল আজহাকে ঘিরে আলোচনায় আসা প্রায় ৭০০ কেজি ওজনের এই মহিষটি সোমবার (২৫ মে) বিকেলে রাজধানীর জিনজিরা এলাকার ক্রেতা সামিরের কাছে হস্তান্তর করা হয়। এ উপলক্ষে খামার প্রাঙ্গণে আয়োজন করা হয় ব্যতিক্রমী এক বিদায়ী অনুষ্ঠান, যেখানে ছিল উৎসবমুখর পরিবেশ।
খামার সূত্রে জানা যায়, দুপুর থেকেই মহিষটিকে বিদায়ের জন্য বিশেষভাবে প্রস্তুত করা হয়। গোসল করিয়ে পরিষ্কার-পরিচ্ছন্ন করার পর রাজকীয়ভাবে সাজানো হয় ‘ডোনাল্ড ট্রাম্প’-কে। পরে রঙিন স্মোকের মধ্যে লাল গালিচায় হাঁটিয়ে তাকে বিদায় জানানো হয়।
বিদায়ের সময় খামারের মালিক, কর্মচারী ও উপস্থিত দর্শনার্থীদের অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। অন্যদিকে নতুন মালিক সামির ও তার স্বজনরা মহিষটি গ্রহণ করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন।
খামারের স্বত্বাধিকারী জিয়াউদ্দিন মৃধা জানান, এলভিনো জাতের মহিষটির চুল ও চোখের গঠন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মিল থাকায় তার নাম রাখা হয় ‘ডোনাল্ড ট্রাম্প’। পরে এটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে ব্যাপক ভাইরাল হয়।
তিনি বলেন, কোরবানির পশুর নামকরণ খামারিদের মধ্যে প্রচলিত একটি কৌশল, যা ক্রেতাদের আকৃষ্ট করে। তবে এবার ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের এই মহিষটি সবচেয়ে বেশি আলোচনায় এসেছে।
তিনি আরও জানান, প্রতিদিন শত শত মানুষ মহিষটি দেখতে খামারে ভিড় করতেন। অনেকেই সেলফি তুলতেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তা ছড়িয়ে দিতেন।
খামার কর্মচারীরা জানান, মহিষটি শান্ত স্বভাবের হওয়ায় দর্শনার্থীরা সহজেই কাছে যেতে পারতেন। বিদায়ের সময় অনেকেই আবেগ ধরে রাখতে পারেননি।
ক্রেতা সামির বলেন, তিনি আগেই মহিষটি কিনে রেখেছিলেন, তবে এটি ভাইরাল হওয়ার পর বিভিন্ন এলাকা থেকে মানুষ তা দেখতে আসতে শুরু করে।
রাবেয়া অ্যাগ্রো ফার্ম কর্তৃপক্ষ জানায়, কোরবানির মৌসুম শেষে এই ব্যতিক্রমী মহিষটি বিদায় জানালেও এটি তাদের জন্য স্মরণীয় হয়ে থাকবে।
হাফিজ/ আয়না নিউজ