বিশেষ প্রতিনিধি, Hafizur Rahman।।
ঝড়-বৃষ্টি ও দমকা হাওয়ার কারণে সাময়িকভাবে বন্ধ থাকার পর মানিকগঞ্জের গুরুত্বপূর্ণ পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল আবারও স্বাভাবিক হয়েছে। প্রায় ৪০ মিনিট বন্ধ থাকার পর পুনরায় নৌ চলাচল শুরু হওয়ায় স্বস্তি ফিরেছে যাত্রী ও যানবাহন চালকদের মধ্যে।
মঙ্গলবার (২৬ মে) বেলা ১১টা ২০ মিনিটের দিকে আকস্মিকভাবে প্রবল ঝড়, বৃষ্টি ও দমকা হাওয়া শুরু হলে নৌপথে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। যাত্রী ও যানবাহনের নিরাপত্তার কথা বিবেচনা করে কর্তৃপক্ষ তখনই সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে। এতে ঈদযাত্রায় ঘরমুখো যাত্রীদের কিছু সময়ের জন্য দুর্ভোগে পড়তে হয় এবং ঘাট এলাকায় যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়।
পরে আবহাওয়ার পরিস্থিতি উন্নতি হলে দুপুর ১২টার দিকে ফেরি চলাচল পুনরায় শুরু করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) আব্দুস সালাম।
তিনি জানান, বৈরী আবহাওয়ার কারণে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় পুনরায় নিয়মিতভাবে নৌযান চলাচল শুরু হয়েছে।
বিআইডব্লিউটিসি সূত্রে জানা গেছে, বর্তমানে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ছোট-বড় মিলিয়ে মোট ১৮টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার কার্যক্রম চলছে। ফেরি চলাচল স্বাভাবিক হওয়ায় ঘাট এলাকায় আটকে থাকা যানবাহন ধীরে ধীরে পারাপার হচ্ছে।
হাফিজ/ আয়না নিউজ