বিশেষ প্রতিনিধি, Hafizur Rahman।।
রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় গত ২৪ ঘণ্টায় ৮০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার (২৬ মে) সকাল ৭টা পর্যন্ত এ বৃষ্টিপাতের তথ্য জানানো হয়।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, মঙ্গলবার দুপুর পর্যন্ত ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। একই সঙ্গে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এ সময় দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তবে বৃষ্টি বা ঝড়ের সময় বাতাসের দিক পরিবর্তন হয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে।
আবহাওয়া অফিস জানায়, সোমবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর মঙ্গলবার সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২২ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে বাতাসের আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ।
টানা বৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন সড়কে জলাবদ্ধতা তৈরি হয়ে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। বিশেষ করে অফিসগামী মানুষ ও যানবাহন চলাচলে ধীরগতি দেখা গেছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, আগামী কয়েকদিনও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে।
হাফিজ/ আয়না নিউজ