বিশেষ প্রতিনিধি, Hafizur Rahman।।
পাকিস্তানের কোয়েটায় ভয়াবহ বোমা হামলায় হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৫ মে) এক শোকবার্তায় তিনি বাংলাদেশ সরকারের ও জনগণের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। একই সঙ্গে তিনি বলেন, এ ধরনের সন্ত্রাসী হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
শোকবার্তায় প্রধানমন্ত্রী সব ধরনের সন্ত্রাসবাদ ও সহিংসতার তীব্র নিন্দা জানিয়ে এই কঠিন সময়ে পাকিস্তানের জনগণের প্রতি বাংলাদেশের সংহতি প্রকাশ করেন।
এদিকে রোববার পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানের রাজধানী কোয়েটায় জাফর এক্সপ্রেসের একটি শাটল ট্রেনকে লক্ষ্য করে বোমা হামলার ঘটনা ঘটে। স্থানীয় সময় সকাল আনুমানিক ৮টা ৫ মিনিটে কোয়েটা সেনানিবাস থেকে ট্রেনটি রওনা হওয়ার কিছুক্ষণের মধ্যেই বিস্ফোরণ ঘটে।
ভয়াবহ এই হামলায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ২৪ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন অন্তত ৮২ জন, যাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। উদ্ধার অভিযান ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
হাফিজ/ আয়না নিউজ