বিশেষ প্রতিনিধি, Hafizur Rahman।।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর জন্মজয়ন্তীতে সরকারি ছুটি ঘোষণার দাবি জানিয়েছে তার পরিবার। একইসঙ্গে পাঠ্যপুস্তকে তার কবিতা ও গান আরও বিস্তৃতভাবে অন্তর্ভুক্ত করার আহবানও জানানো হয়েছে।
সোমবার (২৫ মে) গণমাধ্যমকে এসব কথা জানান কবির নাতনি খিলখিল কাজী। তিনি বলেন, নজরুলের রচনাবলী ইংরেজিতে অনুবাদ করে আন্তর্জাতিক পরিমণ্ডলে ছড়িয়ে দেওয়ার উদ্যোগ আরও জোরদার করা প্রয়োজন।
এদিকে ১২৭তম জন্মজয়ন্তীতে সকালে কবির প্রতি শ্রদ্ধা জানাতে ভিড় করেন পরিবারের সদস্য, ভক্ত-অনুরাগী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা। তারা বলেন, সাম্যের সমাজ গঠনে নজরুলের চিন্তা ও সাহিত্যচর্চা আরও বিস্তৃত করা জরুরি।
দিনটি উপলক্ষে বিভিন্ন স্থানে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও শ্রদ্ধা নিবেদনের আয়োজন করা হয়। কবির সাহিত্য ও সংগীতের মানবিক ও প্রতিবাদী চেতনা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে বছরব্যাপী নজরুলচর্চা আরও জোরদার করার ওপরও গুরুত্ব দেন সংশ্লিষ্টরা।
হাফিজ/ আয়না নিউজ