বিশেষ প্রতিনিধি, Hafizur Rahman।।
সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা সাত দিনের জন্য পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত বাংলাদেশ-ভারতের মধ্যে এ বন্দরের বাণিজ্যিক কার্যক্রম স্থগিত থাকবে। তবে এ সময় ভোমরা-ঘোজাডাঙ্গা আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের বৈধ পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
রোববার (২৪ মে) বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী, ঈদের ছুটিকালে বন্দরের পণ্য পরিবহন, লোড-আনলোডসহ সংশ্লিষ্ট অভ্যন্তরীণ কার্যক্রমও সাময়িকভাবে বন্ধ থাকবে।
ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুছা জানান, ঈদ উপলক্ষে দুই দেশের ব্যবসায়ীদের সুবিধা বিবেচনায় রেখে ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি ভারতের সংশ্লিষ্ট ব্যবসায়ী ও বন্দর কর্তৃপক্ষকে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, “ছুটির এই সময়ে বন্দরে কোনো ধরনের বাণিজ্যিক কার্যক্রম পরিচালিত হবে না। তবে ঈদের ছুটি শেষে আগামী ১ জুন থেকে পুনরায় স্বাভাবিক কার্যক্রম শুরু হবে।”
ভোমরা ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ (ওসি) তুফান মন্ডল বলেন, “বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও যাত্রী পারাপারে কোনো ধরনের বিধিনিষেধ থাকছে না। পাসপোর্টধারী যাত্রীরা নিয়মিতভাবেই যাতায়াত করতে পারবেন।”
এদিকে ভোমরা কাস্টমস হাউসের কমিশনার মুশফিকুর রহমান জানান, সরকারি ছুটি ছাড়া কাস্টমসের অফিসিয়াল কার্যক্রম চালু থাকবে। আমদানিকারকরা প্রয়োজনীয় শুল্ক ও কর পরিশোধের মাধ্যমে পণ্য খালাস নিতে পারবেন বলেও জানান তিনি।
মোমিন/ হাফিজ/ আয়না নিউজ