বিশেষ প্রতিনিধি, Hafizur Rahman।।
নারায়ণগঞ্জে বেড়ে ওঠা অ্যালবিনো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ এখন শুধু বাংলাদেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও আলোচনার বিষয় হয়ে উঠেছে। এবার সেই মহিষটির ভিডিও নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে ইরান।
রাশিয়ায় অবস্থিত ইরানের দূতাবাস তাদের অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে মহিষটির একটি ভিডিও শেয়ার করে ব্যঙ্গাত্মক মন্তব্য করে। পোস্টে বলা হয়, “বেচারা! ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তুলনা করায় বাংলাদেশি মহিষটি বিরক্ত বোধ করছে।”
শেয়ার করা ভিডিওটি রুশ সংবাদমাধ্যম আরটি’র একটি প্রতিবেদনের অংশ, যেখানে দাবি করা হয়—ট্রাম্পের সঙ্গে চেহারার মিল থাকায় প্রাণীটি দেখতে প্রতিদিন ভিড় করছেন অসংখ্য দর্শনার্থী। এতে তার স্বাভাবিক খাদ্যাভ্যাসেও প্রভাব পড়ছে বলে উল্লেখ করা হয়।
নারায়ণগঞ্জের রাবেয়া এগ্রো ফার্মে থাকা এই ৭০০ কেজি ওজনের মহিষটির মালিক জিয়াউদ্দিন মৃধা জানান, রসিকতা করেই তার ভাই মহিষটির নাম ‘ডোনাল্ড ট্রাম্প’ রাখেন। তিনি বলেন, প্রাণীটি শান্ত স্বভাবের এবং সাধারণত অ্যালবিনো মহিষরা এমনই হয়ে থাকে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর ‘ট্রাম্প মহিষ’ নিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমও প্রতিবেদন প্রকাশ করেছে। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এটিকে নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ করে। পাশাপাশি এএফপি ও রয়টার্সও বিষয়টি কাভার করেছে।
এএফপি তাদের প্রতিবেদনে মহিষটিকে ব্যঙ্গ করে ‘কমান্ডার ইন বিফ’ বলে উল্লেখ করে, আর রয়টার্স শিরোনাম দেয়—ঈদকে কেন্দ্র করে বাংলাদেশে ‘ট্রাম্প মহিষ’ ঘিরে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।
হাফিজ/ আয়না নিউজ