বিশেষ প্রতিনিধি, Hafizur Rahman।।
রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তার ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিচারের দাবিতে মানববন্ধন করেছেন গুলশান সোসাইটির সদস্যরা। শুক্রবার (২২ মে) সকালে রাজধানীর গুলশান-২ নম্বর গোলচত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা বলেন, দেশে শিশু ধর্ষণ ও হত্যার মতো নৃশংস ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে। এসব ঘটনার বিচার দ্রুত সম্পন্ন না হওয়ায় অপরাধীরা বারবার পার পেয়ে যাচ্ছে। ফলে সমাজে অপরাধপ্রবণতা আরও বাড়ছে বলে মন্তব্য করেন তারা।
বক্তারা অভিযোগ করেন, আইনি প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা ও বিচারহীনতার সংস্কৃতির কারণেই অপরাধীরা সাহস পাচ্ছে। তারা শিশু রামিসা হত্যাকাণ্ডের দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলা পরিচালনা করে অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে নারী ও শিশু নির্যাতনের ঘটনায় কঠোর আইন প্রয়োগ এবং দ্রুত রায় কার্যকরের দাবি তোলেন তারা।
উল্লেখ্য, গত মঙ্গলবার (১৯ মে) রাজধানীর পল্লবীর একটি বাসা থেকে শিশু রামিসার গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া সোহেল রানার বিরুদ্ধে হত্যার অভিযোগ ওঠে। পরে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। আটক হওয়ার পর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন সোহেল রানা। একই ঘটনায় তার স্ত্রী স্বপ্না আক্তারকেও গ্রেফতার করা হয়েছে।
হাফিজ/ আয়না নিউজ