বিশেষ প্রতিনিধি, Hafizur Rahman।।
রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি এ ঘটনায় দায়ের করা মামলার তদন্ত দ্রুত শেষ করে আগামী সাত দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।
বৃহস্পতিবার (২১ মে) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, রামিসা হত্যাকাণ্ড অত্যন্ত হৃদয়বিদারক ও নৃশংস ঘটনা। এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।
আইনমন্ত্রী জানান, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারকে আগামী এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত শেষে দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলার বিচার কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, শিশু নির্যাতন ও হত্যার মতো ঘটনায় সরকারের অবস্থান ‘জিরো টলারেন্স’। অপরাধী যেই হোক না কেন, তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।
হাফিজ/ আয়না নিউজ