বিশেষ প্রতিনিধি, Hafizur Rahman।।
ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও শহরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২০ মে) সকাল ৭টার দিকে শহরের মুন্সিরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহতরা হলেন ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের মথুরাপুর গ্রামের বাসিন্দা ঋষিকেশ রায় লিটনের ছেলে ঋত্বিক রায় (২৫) এবং একই গ্রামের আব্দুল মান্নানের ছেলে আশিক (২৫)।
ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনির হোসেন জানান, সকালে দ্রুতগতির একটি মোটরসাইকেলে করে দুই বন্ধু ঋত্বিক ও আশিক বাড়ি থেকে ঠাকুরগাঁও শহরের দিকে যাচ্ছিলেন। পথে মুন্সিরহাট এলাকায় পৌঁছালে সড়কের একটি বাঁক অতিক্রম করার সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পরে সেটি সড়কের আইল্যান্ডে সজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই ঋত্বিক রায়ের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস কর্মীরা গুরুতর আহত অবস্থায় আশিককে উদ্ধার করে ঠাকুরগাঁওয়ের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণ পর তিনিও মারা যান।
স্থানীয় বাসিন্দা সিরাজুল ইসলাম বলেন, মোটরসাইকেলটি অত্যন্ত দ্রুতগতিতে চলছিলো। অতিরিক্ত গতির কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
ওসি আরও জানান, এ ঘটনায় ঠাকুরগাঁও সদর থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
সুজন/ হাফিজ/ আয়না নিউজ