বিশেষ প্রতিনিধি, Hafizur Rahman।।
রাজধানীর তেজগাঁওয়ে ভূমি ভবনে ‘ভূমিসেবা মেলা-২০২৬’-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১৯ মে) সকাল ১০টায় তিনি আনুষ্ঠানিকভাবে এ মেলার উদ্বোধন করেন। মেলার এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, নিরাপদ ভূমি এবং সমৃদ্ধ ভবিষ্যৎ’।
উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, ভূমিসেবা সহজীকরণ, ডিজিটাল প্ল্যাটফর্ম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং প্রান্তিক পর্যায়ে সরকারি সেবা পৌঁছে দেওয়াই এ মেলার প্রধান লক্ষ্য।
সরকারের পক্ষ থেকে বলা হয়, ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও আধুনিকায়নের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে নাগরিকরা সহজে ও দ্রুত সেবা পেতে পারেন।
গতকাল সোমবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেন, অতীতে ভূমি ব্যবস্থাপনায় দালালচক্র, দীর্ঘসূত্রতা ও জটিলতার কারণে সাধারণ মানুষ ব্যাপক ভোগান্তিতে পড়ত। বর্তমান সরকার সেই পরিস্থিতি পরিবর্তনে কাজ করছে।
তিনি আরও বলেন, আমরা চাই মানুষ যেন ঘরে বসেই অধিকাংশ ভূমিসেবা পেতে পারে। ভূমি অফিসে গিয়ে হয়রানির শিকার না হয়ে নাগরিকরা দ্রুত সেবা নিতে পারবেন এ লক্ষ্যেই অটোমেশন কার্যক্রম জোরদার করা হয়েছে।
হাফিজ/ আয়না নিউজ