বিশেষ প্রতিনিধি, Farhana Ahmed।।
সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরার শ্যামনগর উপকূলসংলগ্ন সুন্দরবনে আমিনুর গাজী (৪৫) নামে এক কাঁকড়া শিকারিকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে বনবিভাগের এক কর্মকতার বিরুদ্ধে । নিহত আমিনুর গাবুরা ইউনিয়নের ৯ নম্বর সোরা গ্রামের আকছেদ গাজীর ছেলে।
জেলেদের দাবি, সকালে কাকড়া শিকারীরা শতমুখি খালে কাঁকড়া ধরার জন্য গেলে বনবিভাগের খুলনা স্মার্ট পেট্রোল টিম তাদের নৌকাকে লক্ষ্য করে সংকেত দেয়। এ সময় জেলেরা সংকেত না মানলে বনকর্মীরা গুলি ছোড়েন বলে অভিযোগ করেন তারা। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
গাবুরা ইউনিয়নের চেয়ারম্যান মাকসুদুল আলম বলেন, চারজন জেলে দুটি নৌকায় করে সুন্দরবনে কাঁকড়া ধরতে গিয়েছিলেন। সকালে তাদের দেখে মোবারক নামে এক বন কর্মকর্তা গুলি করেন। পরে কাছে গিয়ে দেখেন আমিনুর মারা যাচ্ছেন।
তিনি আরও বলেন, মরদেহ লোকালয়ে নিয়ে আসা হলে পরিবার ও গ্রামবাসীদের মাঝে শোকের মাতম শুরু হয়। এ সময় উত্তেজিত জেলেরা ফরেস্ট অফিস ঘেরাও করে।
স্থানীয়দের দাবি, কয়েকদিন আগে বৈধ পাস নিয়ে চার জেলে দুটি নৌকায় করে সুন্দরবনে কাঁকড়া ধরতে যান। সকালে বনবিভাগের লোকজন তাদের লক্ষ্য করে গুলি চালালে আমিনুর গুলিবিদ্ধ হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে পশ্চিম সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এ জেড এম হাছানুর রহমান বলেন, বনবিভাগের কেউ গুলি চালিয়েছে এমন তথ্য এখনো নিশ্চিত নই। ডাকাতদের গুলিতে নাকি কোস্টগার্ডের গুলিতে মারা গেছে সেটিও খতিয়ে দেখা হচ্ছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। জীবিকার তাগিদে বনে যাওয়া জেলেদের ওপর এমন ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন তারা এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি তুলেছেন।
মোমিন/ আল রাজীব/ আয়না নিউজ