বিশেষ প্রতিনিধি, Hafizur Rahman।।
মাদারীপুর শহরের আমিরাবাদ এলাকায় আত্মীয়ের বাসা থেকে শিশুসহ একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৭ মে) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সদর উপজেলার কলাগাছিয়া এলাকার চিন্ময় দাস, তার স্ত্রী ইশা দাস এবং তাদের আট মাস বয়সী শিশু সন্তান।
পুলিশ জানায়, শহরের আমিরাবাদ এলাকার মৃত বীরেন্দ্রনাথ দত্তের স্ত্রী সান্তনা রানী চন্দের বাসায় দীর্ঘদিন ধরে ভাড়া থাকেন গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার সাতপাড় এলাকার ইতালি প্রবাসী যতীন বাড়ৈর স্ত্রী মিষ্টি বাড়ৈ। রোববার বিকেলে চাচাতো ভাই পরিচয়ে চিন্ময় দাস পরিবারসহ ওই বাসায় বেড়াতে আসেন।
পরে গভীর রাতে মিষ্টি বাড়ৈ পুলিশের কাছে ফোন করলে ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা ভেঙে তিনজনের মরদেহ উদ্ধার করে পুলিশ।
মাদারীপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বলেন, “ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা— তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। প্রাথমিকভাবে কিছু বিষয় সন্দেহজনক মনে হওয়ায় মিষ্টি বাড়ৈকে সন্দেহের তালিকায় রাখা হয়েছে।”
তিনি আরও জানান, মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এদিকে র্যাব-৮, সিপিসি-৩ (মাদারীপুর ক্যাম্প)-এর কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মনিরুজ্জামান বলেন, এটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা। ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ চলছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে।
হাফিজ/ আয়না নিউজ