বিশেষ প্রতিনিধি, Hafizur Rahman।।
হত্যার অভিযোগে সিদ্ধিরগঞ্জ থানার দুই মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও রাজনীতিবিদ সেলিনা হায়াৎ আইভীকে দেয়া হাইকোর্টের জামিন বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।
রোববার (১৭ মে) আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক রাষ্ট্রপক্ষের জামিন স্থগিত চেয়ে করা আবেদনের ওপর শুনানি শেষে এ আদেশ দেন।
আদালতের এই সিদ্ধান্তের ফলে ওই দুই মামাসহ মোট ১২টি মামলায় আইভীর জামিন বহাল থাকল। এতে তার কারামুক্তিতে এখন আর কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবীরা।
আইভীর আইনজীবীরা জানান, সাবেক এই মেয়রের বিরুদ্ধে দায়ের করা মোট ১২টি মামলার প্রতিটিতেই এখন জামিন বহাল রয়েছে। ফলে কারাগার থেকে তার মুক্তিতে কোনো আইনি জটিলতা নেই বলে তারা দাবি করেন।
এর আগে ১০টি মামলায় সেলিনা হায়াৎ আইভী হাইকোর্ট থেকে জামিন পান। তবে পরে সিদ্ধিরগঞ্জ থানার দুটি হত্যা মামলায় তাকে নতুন করে গ্রেপ্তার দেখানো হয়। এর মধ্যে একটি মামলায় ২ মার্চ এবং অন্যটিতে ১২ এপ্রিল গ্রেফতার দেখানো হয়েছিলো।
হাফিজ/ আয়না নিউজ