বিশেষ প্রতিনিধি, Hafizur Rahman।।
নাটোর শহরে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে সিয়াম (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তোহা (১০) নামে অপর এক শিশু ডুবে গেলেও তাকে জীবিত উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রোববার (১৭ মে) দুপুর আনুমানিক ২টার দিকে নাটোর পৌর এলাকার মীরপাড়া জামে মসজিদ সংলগ্ন একটি পুকুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সিয়াম ওই এলাকার জয়লাম মিয়ার ছেলে। তোহা একই এলাকার শামীম হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে সিয়াম ও তোহা মীরপাড়া জামে মসজিদ সংলগ্ন পুকুরে গোসল করতে নামে। এ সময় তারা পানিতে ডুবে গেলে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে নাটোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সিয়ামকে মৃত ঘোষণা করেন। পরে তোহার অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
সান্টু/ হাফিজ/ আয়না নিউজ