বিশেষ প্রতিনিধি, Hafizur Rahman।।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি কার্যক্রম চালিয়ে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে। এরই ধারাবাহিকতায় আজ রোববার (১৭ মে) বিক্রি হচ্ছে ঈদ যাত্রার শেষ দিনের, অর্থাৎ ২৭ মে’র ট্রেনের আসনের অগ্রিম টিকিট।
বাংলাদেশ রেলওয়ে জানিয়েছে, যাত্রীদের সুবিধার্থে শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হচ্ছে। সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হয়েছে। আর দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হবে।
রেলওয়ের ঘোষিত কর্মপরিকল্পনা অনুযায়ী, ঈদের আগে পাঁচ দিনের আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিশেষ ব্যবস্থায় ধাপে ধাপে বিক্রি করা হচ্ছে। এর মধ্যে ২৩ মে’র টিকিট বিক্রি হয়েছে ১৩ মে, ২৪ মে’র টিকিট ১৪ মে, ২৫ মে’র টিকিট ১৫ মে এবং ২৬ মে’র টিকিট বিক্রি হয়েছে ১৬ মে।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, একজন যাত্রী ঈদ উপলক্ষে অগ্রিম যাত্রার ক্ষেত্রে একবারই টিকিট কিনতে পারবেন। প্রতিটি লেনদেনে সর্বোচ্চ চারটি টিকিট ক্রয়ের সুযোগ থাকছে। এছাড়া ঈদের অগ্রিম টিকিট ফেরত বা রিফান্ড করা যাবে না বলেও জানানো হয়েছে।
যাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে যাত্রার দিন মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট (উচ্চ শ্রেণি ব্যতীত) সংশ্লিষ্ট স্টেশন কাউন্টার থেকে বিক্রি করা হবে।
এদিকে, ঈদের চাঁদ দেখার ওপর নির্ভর করে ২৮, ২৯ ও ৩০ মে তারিখের ট্রেনের টিকিট বিক্রির সময়সূচি নির্ধারণ করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে।
হাফিজ/ আয়না নিউজ