বিশেষ প্রতিনিধি, Hafizur Rahman।।
লন্ডনে চিকিৎসা শেষে রাষ্ট্রপতির শপিংয়ে বের হওয়ার বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। সরকারি খরচে যুক্তরাজ্যে অবস্থানকালে চিকিৎসার পাশাপাশি তার ব্যক্তিগত কার্যক্রম নিয়েও প্রশ্ন উঠেছে বলে জানা গেছে।
জানা গেছে, চিকিৎসার উদ্দেশ্যে যুক্তরাজ্যে অবস্থানকালে নির্ধারিত চিকিৎসা কার্যক্রম শেষ হওয়ার পর রাষ্ট্রপতি লন্ডনের বিভিন্ন এলাকায় ব্যক্তিগত সময় কাটাতে এবং শপিংয়ে বের হন। এ সময় তার নিরাপত্তা ও সফরের উদ্দেশ্য নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন ও সমালোচনার সৃষ্টি হয়।
লন্ডন হাইকমিশন সূত্রে জানা যায়, রাষ্ট্রপতি ও তার সফরসঙ্গীরা প্রথমে লন্ডনের একটি হোটেলে অবস্থান করেন। পরে ক্যামব্রিজে গিয়ে নিউমার্কেট এলাকার একটি আবাসিক রিসোর্টে ওঠেন। সেখানে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় হাসপাতালের কার্ডিয়াক বিভাগে তার ফলোআপ চিকিৎসা সম্পন্ন হয়। চিকিৎসা শেষে তিনি আবার লন্ডনে ফেরেন।
হাইকমিশনের এক কর্মকর্তার বরাতে জানা যায়, শুক্রবার জুমার নামাজের প্রস্তুতির পর রাষ্ট্রপতি শপিংয়ের জন্য বাইরে বের হন। এতে তার প্রটোকল ব্যবস্থাপনায় নিয়োজিত কর্মকর্তাদের সময়সূচি পরিবর্তন করতে হয় বলে দাবি করা হয়।
আরও জানা যায়, সফরকালে রাষ্ট্রপতির প্রটোকল ও চলাচলের জন্য একাধিক গাড়ি ভাড়া করা হয়েছে এবং সফরসঙ্গীদের একটি বড় দল সেখানে অবস্থান করছে। এ সফরের ব্যয় ও ব্যবস্থাপনা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে।
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে গত ৯ মে লন্ডনে যান বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। তার আগামী রোববার দেশে ফেরার কথা রয়েছে।
হাফিজ/ আয়না নিউজ