বিশেষ প্রতিনিধি, Hafizur Rahman।।
আগামীকাল শনিবার (১৬ মে) চাঁদপুর সফরে যাচ্ছেন তারেক রহমান। সফরে তিনি দুটি খালের পুনঃখনন কাজের উদ্বোধন, ফ্যামিলি কার্ড বিতরণ, বিভিন্ন পথসভা ও জেলা বিএনপির সাংগঠনিক সভায় অংশ নেবেন।
শুক্রবার (১৫ মে) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর প্রেস উইং গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।
সফরসূচি অনুযায়ী, শনিবার সকাল সাড়ে ৮টায় নিজ বাসভবন থেকে সড়কপথে চাঁদপুরের উদ্দেশে রওনা দেবেন তিনি। বেলা সাড়ে ১১টায় কুমিল্লার বরুড়ার লক্ষ্মীপুর বাজার মাঠে আয়োজিত এক পথসভায় অংশ নেওয়ার কথা রয়েছে।
এরপর দুপুর সাড়ে ১২টায় চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজার এলাকায় খোর্দ্দ খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন তিনি। দুপুর ১টা ৪৫ মিনিটে চাঁদপুর সদর উপজেলার শাহ মাহমুদপুর ইউনিয়নের কুমারডুগী গ্রামের ঘোষের হাট সংলগ্ন বিশ্ব খাল পুনঃখনন অনুষ্ঠানে যোগ দেবেন।
দুপুর আড়াইটায় চাঁদপুর সার্কিট হাউসে সংক্ষিপ্ত বিরতির পর বিকেল সাড়ে ৩টায় চাঁদপুর সরকারি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন তারেক রহমান।
বিকেল ৫টায় চাঁদপুর ক্লাবে জেলা বিএনপির সাংগঠনিক সভায় অংশ নেওয়ার কথা রয়েছে। সন্ধ্যা সাড়ে ৬টায় সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার মধ্য দিয়ে সফর শেষ হবে বলে জানানো হয়েছে।
হাফিজ/ আয়না নিউজ