বিশেষ প্রতিনিধি, Hafizur Rahman।।
জিম্বাবুয়ের ঘরোয়া ক্রিকেটে এক অবিশ্বাস্য ও রেকর্ড গড়া ম্যাচের সাক্ষী হয়েছে দর্শকরা। যেখানে স্কর্পিয়ন্স ক্রিকেট ক্লাব ৭৯৪ রানের বিশাল ব্যবধানে জয় তুলে নিয়েছে।
ম্যাচে নির্ধারিত ৫০ ওভারে স্কর্পিয়ন্স তোলে ৮২২ রানের পাহাড়সম স্কোর। জবাবে প্রতিপক্ষ মেথেন লায়ন্স মাত্র ২৮ রানে ৭ উইকেট হারানোর পর ইনিংস ডিক্লেয়ার করে। ফলে ম্যাচটি একতরফাভাবে শেষ হয়।
স্কর্পিয়ন্সের ইনিংসে ব্যাটিং তাণ্ডব চালান একাধিক ব্যাটার। একই ইনিংসে তিনজন ব্যাটসম্যান সেঞ্চুরি করেন। উইনফেড মাতেনডে ৭৫ বলে ২০৩ রানের ঝড়ো ইনিংস খেলেন, যেখানে ছিল ২৩টি চার ও ১৩টি ছক্কা। অন্যদিকে তাকুন্দা মাডেম্বো ১৪৩ বলে ৩০২ রানের বিধ্বংসী ইনিংস খেলেন, যাতে ছিল ৫০টি বাউন্ডারি ও ৭টি ছক্কা। এছাড়া গ্যাব্রিয়েল জায়াওও সেঞ্চুরি করেন।
জবাবে ব্যাট করতে নেমে মেথেন লায়ন্সের ব্যাটিং লাইনআপ দ্রুত ভেঙে পড়ে। মাত্র ২৮ রানে ৭ উইকেট হারানোর পর তারা ইনিংস ডিক্লেয়ার করে।
তবে ম্যাচটি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) স্বীকৃত লিস্ট ‘এ’ ম্যাচের অন্তর্ভুক্ত নয়।
হাফিজ/ আয়না নিউজ